হাতের রাখি খোলার আগেই দেশের শীর্ষ ১০০ জন ক্যানসার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন, কীভাবে কম খরচে চিকিৎসা করানো যায়, জানিয়েছেন খান স্যার।

রাখি হাতে ছাত্রীদের মাঝে খান স্যার
শেষ আপডেট: 10 August 2025 23:22
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ইউটিউবার ও শিক্ষক খান স্যার রাখিবন্ধনের দিনে ঘোষণা করেছেন, তিনি পাটনায় একটি ক্যানসার হাসপাতাল গড়ে তুলবেন। প্রায় ১০ হাজার ছাত্রী ওইদিন তাঁকে রাখি পরান।
তাঁদের মধ্যেই একজন ছাত্রী জানান, তাঁর বাবার অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছে এবং চিকিৎসা ব্যয় বহন করা তাঁদের পক্ষে অসম্ভব। এই অনুরোধেই খান স্যার প্রতিশ্রুতি দেন, দুঃস্থদের জন্য সুলভ খরচে ক্যানসার চিকিৎসার ব্যবস্থা করবেন।
তিনি জানান, হাতের রাখি খোলার আগেই দেশের শীর্ষ ১০০ জন ক্যানসার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন, কীভাবে কম খরচে চিকিৎসা করানো যায়, তা নিয়ে পরিকল্পনা করবেন। শীঘ্রই ভারত সফরে গিয়ে হাসপাতালের নকশা প্রস্তুত করবেন তিনি। তাঁর কথায়, “বোনের এই আবদার আমি যেকোনও মূল্যে পূরণ করব।”

এক সাক্ষাৎকারে খান স্যার বলেন, পাটনা ও বিহারে অ্যাপোলো, ম্যাক্সের মতো বড় বেসরকারি হাসপাতাল থাকলেও সেখানে চিকিৎসার খরচ অনেক বেশি। যাঁদের সামর্থ্য আছে তাঁরা সেখানে চিকিৎসা করাতে পারেন, কিন্তু দৈনিক আয় ৫০০ টাকার মতো হওয়া টোটোচালক, সবজি বিক্রেতা, রিকশাচালক বা চা বিক্রেতারা কীভাবে এত খরচ সামলাবেন? তাই কম খরচে চিকিৎসা সুবিধা দেওয়ার লক্ষ্যেই তাঁর এই পদক্ষেপ।
তিনি আরও জানান, তাঁর সেন্টারে ইতিমধ্যেই ২০০টি ডায়ালিসিস মেশিন বসানো হয়েছে এবং এইমসের অনেক চিকিৎসক স্বেচ্ছায় এসে সেবা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁর বিশ্বাস, “এই পৃথিবীতে এখনও অনেক ভাল মানুষ আছেন।” এবার ক্যানসার চিকিৎসাকেও সবার জন্য সহজলভ্য করতে সেই পথেই এগোচ্ছেন তিনি।