‘স্বচ্ছতা যোদ্ধারা’ (Swachhata Yodhas) প্লাস্টিকের মোড়ক, পুরনো কাপড়, বাকি থাকা সাজসজ্জার সামগ্রী, সুতো, উল এবং কার্ডবোর্ডের বাক্স- এসব দিয়ে বিভিন্ন নকশার রাখি তৈরি করেছেন।

বর্জ্য দিয়ে তৈরি 'পরিবেশবান্ধব' রাখি
শেষ আপডেট: 9 August 2025 16:46
দ্য ওয়াল ব্যুরো: রাখিবন্ধন উৎসবে (Raksha Bandhan) জুড়ল পরিবেশের সুর। বর্জ্য পদার্থ দিয়ে রাখি তৈরি করলেন জয়পুরের ১০০ জন মহিলা সাফাইকর্মী (100 women cleanliness workers)। ৫ হাজার রাখি বানিয়েছেন তাঁরা। যেগুলি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে।
এই উদ্যোগের উদ্দেশ্য ছিল, 'Reduce, Reuse, Recycle' অর্থাৎ বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনরুৎপাদনের বার্তা সাধারণ মানুষ থেকে শুরু করে সব মহলে ছড়িয়ে দেওয়া। যার নেতৃত্বে ছিলেন জয়পুর মিউনিসিপ্যাল করপোরেশনের মেয়র সৌম্যা গুরজর।
‘স্বচ্ছতা যোদ্ধারা’ (Swachhata Yodhas) প্লাস্টিকের মোড়ক, পুরনো কাপড়, বাকি থাকা সাজসজ্জার সামগ্রী, সুতো, উল এবং কার্ডবোর্ডের বাক্স- এসব দিয়ে বিভিন্ন নকশার রাখি তৈরি করেছেন।
মেয়র বলেন, 'এই ধরনের উদ্যোগ সমাজকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব পথ বেছে নিতে অনুপ্রাণিত করবে। বর্জ্য থেকেও সেরা জিনিস তৈরি করা যায়, এই বার্তাই আমরা দিতে চাই।'
আরও বলেন, রাখি উৎসব উপলক্ষে তিনি নিজে ‘স্বচ্ছতা যোদ্ধা’ মহিলাদের রাখি বেঁধেছেন এবং প্রতিশ্রুতি নিয়েছেন যে আগামী 'স্বচ্ছতা সার্ভেক্ষণ ২০২৫'-এ জয়পুরকে প্রথম তিনের মধ্যে আনা হবে। শুধু মানুষের হাতেই নয়, শহরের গাছগুলিতেও এই রাখি বাঁধা হয়েছে, যা পরিচ্ছন্নতা ও প্রকৃতির প্রতি প্রতিশ্রুতির প্রতীক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে রাখিবন্ধন উৎসব উদযাপন করেছেন। স্কুলের ছাত্রছাত্রী ও ব্রহ্মকুমারী সংগঠনের সদস্যরা তাঁর হাতে রাখি বেঁধেছেন। শনিবার সকালেই দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী।