বিজয়ের দল ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (TVK) শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (High Court) দাবি করেছে, পুলিশের হঠাৎ লাঠিচার্জের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ডিএমকে সরকার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 October 2025 11:19
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে নেতা-অভিনেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৪০ জনের। সেই মর্মান্তিক দুর্ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক সপ্তাহ। কিন্তু রেশ এখনও বর্তমান। বিরোধীরা কড়া ভাষায় সমালোচনা করছেন। ঘটনার তদন্তও চলছে। এই পরিস্থিতিতে দীপাবলির (Diwali) সমস্ত কর্মসূচি বাতিল করল টিভিকে (Tamilaga Vettri Kazhagam) ।
দলের মুখপাত্র জানিয়েছেন, 'মানবিকতার খাতিরে এই মুহূর্তে কোনও উৎসব বা আনন্দের অনুষ্ঠান করা ঠিক নয়। দলের পক্ষ থেকে আহতদের চিকিৎসা ও মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে।'
এদিকে ঘটনার বেশ কয়েকদিন মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজয়। পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতদের পরিবারকে ২০ লক্ষ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। তবে এতেও ক্ষোভের আগুন নেভেনি! তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজয় ও তাঁর দল।
এদিকে এই ঘটনায় তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, দেশের মানুষের স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের অধিকার রয়েছে। একইসঙ্গে গত ২৭ সেপ্টেম্বরের পদপিষ্টের ঘটনায় তিন সদস্যের একটি প্যানেল গঠন করা হয়। প্যানেলের নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় রাস্তোগী।
বিজয়ের দল ‘তামিলগা ভেট্ট্রি কাজগম’ (TVK) শুক্রবার মাদ্রাজ হাইকোর্টে (High Court) দাবি করেছে, পুলিশের হঠাৎ লাঠিচার্জের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। ডিএমকে সরকার অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (MK Stalin) সরকার জানিয়েছে, ‘‘এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এরকম অভিযোগ প্রমাণ করার মতো কোনও তথ্য নেই।’’
বিজয়ের (Vijay) দলের অভিযোগ, ‘‘নেতাকে দেখার অপেক্ষায় হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন। তখন হঠাৎ ভিড় থেকে কেউ জুতো ছুড়তে শুরু করে। পুলিশ কোনও সতর্কবার্তা না দিয়েই লাঠিচার্জ করে। তাতেই মর্মান্তিক পদপিষ্ট ঘটে।’’