বনজঙ্গলে পড়ে ছিল মা বাঘিনীর নিথর দেহ, পাশে চারটি শাবক। ভয়াবহ দৃশ্যের সামনে স্তব্ধ কর্নাটক। এমএম হিলস অভয়ারণ্যে ঘটল একসঙ্গে পাঁচটি বাঘের মৃত্যু।

কর্নাটকে মৃত ৫টি বাঘ।
শেষ আপডেট: 27 June 2025 12:38
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের চামরাজনগরের এমএম হিলস অভয়ারণ্য এলাকায় বৃহস্পতিবার উদ্ধার হল পাঁচটি মৃত বাঘের দেহ! একটি প্রাপ্তবয়স্ক বাঘিনী ও তার চারটি শাবকের এবাবে মৃত্যুর ভয়াবহতা এতটাই, যে অভিজ্ঞ বনকর্মী এবং বন্যপ্রাণী সংরক্ষণবিদরাও হতবাক হয়ে পড়েছেন। পরিবেশ দফতরের প্রাথমিক অনুমান, বিষিয়ে যাওয়া মাংস খাওয়ার ফলেই এই করুণ পরিণতি। পরিবেশমন্ত্রী ঈশ্বর বি. খান্দ্রে গোটা ঘটনায় কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, একটি পূর্ণবয়স্ক বাঘিনী একটি গরু হত্যা করে সেটিকে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে গিয়েছিল। সেই গরুর আংশিক মাংস খাওয়ার পর ফের সেটিকে টেনে নিয়ে যেতে ফের ফিরে আসে সে। সে সময়েই প্রাণ হারায় বাঘিনীটি। অনুমান, বাকি মৃত গরুর মাংসে কোনও স্থানীয় বাসিন্দা বিষ মিশিয়ে দেয়। সেই বিষাক্ত মাংস খেয়েই বাঘিনী ও তার চারটি শাবক মারা যায়।
VIDEO | Mysuru: Five tigers found dead under suspicious circumstances in Male Mahadeshwara Wildlife Sanctuary. Forest and police departments launch a joint investigation. pic.twitter.com/vk3jmBQnoK
— Press Trust of India (@PTI_News) June 27, 2025
প্রধান বন সংরক্ষক টি. হীরালাল জানিয়েছেন, ‘ঘটনাটি সন্দেহজনক। প্রাথমিকভাবে এটিকে বিষক্রিয়া বলেই মনে হচ্ছে, তবে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাই ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর।’ এই রিপোর্ট তিন দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী।
পরিবেশমন্ত্রী ঈশ্বর বি. খান্দ্রে বলেন, 'বিষয়টি গভীর উদ্বেগের। বাঘ সংরক্ষণে সাফল্যের জন্য পরিচিত রাজ্যে একসঙ্গে পাঁচটি বাঘের মৃত্যু দুঃখজনক। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।'
তিনি আরও বলেন, 'আমি বন দফতরের কর্তাদের নির্দেশ দিয়েছি দ্রুত রিপোর্ট জমা দিতে। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।'
বর্তমানে কর্নাটকে বাঘের সংখ্যা ৫৬৩টি। এই সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্রের পরে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বাঘবহুল রাজ্য। সেই প্রেক্ষিতে একসঙ্গে পাঁচটি বাঘের এমন অস্বাভাবিক মৃত্যু গোটা রাজ্যের বাঘ সংরক্ষণ নীতির ওপরই বড় প্রশ্ন তুলে দিল।