বেঙ্গালুরুর এক অভিজাত আবাসনে কাঁঠাল চুরি করতে গাছে উঠে নাটকীয়ভাবে পড়ে গিয়ে মারাত্মক আহত হলেন তামিলনাড়ুর এক যুবক। পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ১০ মিনিট ধরে রুদ্ধশ্বাসে তাড়া করে নামিয়েছে তাঁকে।

গাছে কাঁঠাল নীচে পুলিশ! ছবি এআই দিয়ে বানানো।
শেষ আপডেট: 27 June 2025 12:13
দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর একটি অভিজাত অ্যাপার্টমেন্টে সে কী কাণ্ড! বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই এক কাঁঠালগাছে চড়ে বসেন ৩০ বছর বয়সি এক তামিল যুবক। কেবল তামিল ভাষাই বোঝেন তিনি। সম্ভবত মাতাল অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তবে কাঁঠাল চুরি কতে যে কেউ এমন টারজান হতে পারেন, তা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন!
আলি আসকার রোডে অবস্থিত বহুতল আবাসনটি শহরের পুলিশ কমিশনারের অফিসের কাছেই। শক্তিভেলু নামের ওই যুবক আচমকাই একেবারে অসম্ভব রকমের তৎপরতায় ওই আবাসনের একটি কাঁঠালগাছে উঠে পড়েন। একসময় ৩০ ফুট উচ্চতায় পৌঁছে যান তিনি, নীচ থেকে সাধারণ চোখে তাঁকে দেখাই প্রায় অসম্ভব হয়ে পড়ে!
pic.twitter.com/KthzAFp7PW A man in #Bengaluru climbed a tree to pluck jackfruit… but ended up falling 50 feet instead. #Karnataka #Viral #ViralVideo #HarshadChopda #ShivangiJoshi #BALH4 #RishRee #1YearForKalkiKARNAge #Kalki2898AD
— Meera Mathur (@MeeraMathu50951) June 26, 2025
তাঁর এই কার্যকলাপে হুলস্থুল পড়ে যায় আবাসনের নিরাপত্তারক্ষী ও বাসিন্দাদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি গাছের অর্ধেক চড়ে ওঠার পরেই নিরাপত্তারক্ষীর চোখে পড়ে যান। তখন তিনি দিকভ্রান্ত হয়ে গাছের আরও উপরের দিকে উঠে যান, এমনকি পাশের একটি গাছেও লাফ দেন! পুরো ঘটনা যেন টারজানকেও হার মানায়।
টারজানের স্টান্ট আর ১০ মিনিটের থ্রিলার
এই পুরো নাটকীয় ঘটনাটি চলে প্রায় ১০ মিনিট ধরে। পুলিশ ফোন পেয়ে ছুটে আসে। তারা আবাসনের সিকিউরিটি স্টাফদের অনুরোধ করে একটি চাদর নিয়ে আসতে, যাতে তাঁকে নিরাপদে নামানো যায়। কিন্তু শক্তিভেলু গাছ থেকে গাছ লাফিয়ে পালানোর চেষ্টা করেন। বিপজ্জনক ভাবে ঝাঁপ দেন, পুলিশের নজর এড়াতে।
ততক্ষণে নীচে চাদর মেলে ধরেছেন রক্ষীরা। তখনও উপরে খেলা চলছে টারজানের। শেষমেশ গাছের একটি ডালে ভারসাম্য রাখতে না পেরে তিনি ওই অত উঁচু থেকে নীচে পড়ে যান। চাদরের ওপরে পড়ায় প্রাণটা বাঁচলেও, ওজন এবং গতি নিয়ে আবাসনের কংক্রিটের ওপর আছড়ে পড়েন তিনি। তাঁর পিঠে মারাত্মক আঘাত লাগে।
শক্তিভেলুকে তৎক্ষণাৎ ভর্তি করা হয় বাউরিং হাসপাতালে। জানা গিয়েছে, তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। তবে তিনি এখন বিপদমুক্ত। স্থানীয় থানার পুলিশ এই ঘটনায় মামলা করেছে এবং তদন্ত চালাচ্ছে।
চুরি নাকি নেশার প্রভাব?
পুলিশের অনুমান, শক্তিভেলু মাদক বা মদের প্রভাবে এই কাজ করেছেন। তিনি এখনও তাঁর কাণ্ডের কোনও পরিষ্কার ব্যাখ্যা দেননি। সিকিউরিটি গার্ড এবং আবাসনের বাসিন্দাদের মতে, তাঁর উদ্দেশ্য ছিল কাঁঠাল চুরি। তবেগেটগুলোতে নিরাপত্তা প্রহরী থাকলেও, কেউ বুঝতেই পারেননি, তিনি কখন ঢুকেছেন এবং কখন গাছে উঠেছেন।
এই অদ্ভুত ও বিপজ্জনক ঘটনার জেরে আবাসনে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানানো হয়েছে।