কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বিগত ১০ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান।

ব্রিটিশ যুদ্ধবিমান F-35
শেষ আপডেট: 25 June 2025 11:44
দ্য ওয়াল ব্যুরো: কেরলের তিরুঅনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে বিগত ১০ দিন ধরে দাঁড়িয়ে রয়েছে ব্রিটিশ রয়্যাল নেভির একটি এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান। মার্কিন লকহিড মার্টিন নির্মিত এই পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটারটির দাম ১১০ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ৯২০ কোটি টাকারও বেশি। জুন ১৪ তারিখে জরুরি অবতরণের পর থেকেই এটি বিমানবন্দরের পার্ক করে রাখা হয়েছে।
কী হয়েছিল ১৪ জুন?
ব্রিটিশ নৌবাহিনীর বিমানবাহী রণতরী HMS Prince of Wales থেকে ওড়া এই F-35B যুদ্ধবিমানটি ভারত মহাসাগরে যৌথ মহড়ায় অংশ নিচ্ছিল। বিমানটি কেরল উপকূল থেকে আনুমানিক ১০০ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত ক্যারিয়ার থেকে রওনা দিয়েছিল। রাডার ডেটা ও বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানটি SQUAWK 7700 জরুরি সংকেত পাঠায়, যার অর্থ হল গুরুতর বিপদ। এরপরই তড়িঘড়ি থিরুভনন্তপুরমে জরুরি অবতরণে অনুমতি দেওয়া হয়।
প্রথমে জানা গিয়েছিল, জ্বালানি কমে যাওয়ায় জরুরি অবতরণ হয়েছে। পরে অবশ্য ব্রিটিশ প্রযুক্তিবিদরা জানান, বিমানের হাইড্রলিক সিস্টেমে ত্রুটি ধরা পড়েছে, যার জেরে তা আর টেক-অফ করতে পারছে না।
কী কারণে এখনও টেক অফ করা যাচ্ছে না?
হাইড্রলিক সিস্টেম হল যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ অংশ, যা ল্যান্ডিং গিয়ার, ব্রেক, এবং ওড়ার সময় উইং ও অন্যান্য কন্ট্রোল সারফেস চালনায় সাহায্য করে। এই ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি "unflightworthy" হয়ে পড়ে—অর্থাৎ, ওড়ার অবস্থায় নেই। ভারতীয় বায়ুসেনা জরুরি অবতরণের পর পরিকাঠামোগত সবরকম সহায়তা করে, এমনকি বিমানে জ্বালানি ভরাও হয়। কিন্তু ব্রিটিশ রক্ষণাবেক্ষণ দল এতদিনেও সমস্যার সমাধান করতে পারেনি।
ভারত এই বিমানটিকে মৌসুমি বৃষ্টির হাত থেকে বাঁচাতে হ্যাঙ্গারে সরিয়ে রাখতে চাইলেও, ব্রিটিশ পক্ষ তা প্রত্যাখ্যান করে। আপাতত এটি বিমানবন্দরের Bay 4 নম্বরে CISF নিরাপত্তায় দাঁড়িয়ে রয়েছে।
এবার কী হবে?
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের সূত্র অনুযায়ী, যদি মেরামতির চেষ্টা ব্যর্থ হয়, তাহলে এই বিমানটিকে একটি বিশেষ মিলিটারি ট্রান্সপোর্ট বিমানে করে হয় ক্যারিয়ারে, নয়তো সোজা ব্রিটেনে ফিরিয়ে নিয়ে যেতে হতে পারে। অর্থাৎ একপ্রকার ‘এয়ারলিফট’ করতে হতে পারে এই দামী যন্ত্রটিকে।
F-35B লাইটনিং II যুদ্ধবিমানটি Lockheed Martin নির্মিত, এবং এটি সংক্ষিপ্ত রানওয়ে থেকে উড়তে ও উল্লম্বভাবে অবতরণ করতে পারে—যাকে STOVL প্রযুক্তি বলে। এর স্টেলথ ক্ষমতা রয়েছে, অর্থাৎ রাডারে ধরা পড়ে না সহজে। এই বিমান NATO-ভুক্ত অনেক দেশ, যেমন আমেরিকা, যুক্তরাজ্য, ইতালি ও নেদারল্যান্ডস ব্যবহার করে।
এত দামি যুদ্ধবিমান তিরুঅনন্তপুরমে দাঁড়িয়ে থাকার ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। কেউ কেউ মজা করে OLX-এ ‘বিক্রি’র বিজ্ঞাপন পর্যন্ত বানিয়ে দেয়—মাত্র ৪ মিলিয়নে। ভারতের মাটিতে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান F-35B এখন রীতিমতো কৌতূহলের কেন্দ্রে। এই পরিস্থিতি ঠিক কতদিন চলবে, বা কীভাবে শেষ হবে, তা এখনও স্পষ্ট নয়।