ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, নিক্কিকে চুল ধরে টানছে স্বামী বিপিন এবং আর এক মহিলা। বিপিনের গায়ে রক্তের দাগ স্পষ্ট। অন্য এক ক্লিপে দেখা যায়, আগুনে জ্বলন্ত অবস্থায় সিঁড়ি বেয়ে নীচে নামছেন তরুণী।

সংগৃহীত ছবি
শেষ আপডেট: 24 August 2025 11:06
দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডায় পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির হাতে আগুনে পুড়ে মৃত্যু হল ২৮ বছরের নিক্কি ভাটির। অভিযোগ, ৩৬ লক্ষ টাকা না পেয়ে তরুণীকে প্রথমে বেধড়ক মারধর করা হয়, তারপর দাউদাউ করে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় জ্যান্ত। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন নিক্কির বাবা। তাঁর সাফ কথা, 'যারা মেয়েকে এমন নৃশংসভাবে মেরেছে, তাদের এনকাউন্টারে গুলি করে মারুক পুলিশ। শাস্তি দেওয়া হোক ওই বাড়ি গুঁড়িয়ে দিয়ে।'
নিক্কির দিদি কাঞ্চনও একই পরিবারের বৌ। তিনিও অত্যাচার নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, দু’জনকেই দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। শ্বশুরবাড়ির লোকজন ৩৬ লক্ষ টাকা দাবি করেছিল। প্রতিনিয়ত মারধর করা হত। 'মেয়েটাকে পিটিয়ে মেরে ফেলল।'
বিয়ের সময় থেকেই দফায় দফায় চাহিদা পূরণ করেছিল নিকি ও কাঞ্চনের পরিবার । ২০১৬ সালে বিয়ের সময় উপহার দেওয়া হয়েছিল টপ মডেলের স্করপিও গাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। কিন্তু তাতেও শান্ত হয়নি শ্বশুরবাড়ির লোকজন। দাবি দিন দিন বাড়ছিল। নিক্কির ভাই রোহিতের অভিযোগ, দু’জন জামাইবাবুরই বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং তার জেরেই সীমাহীন অত্যাচার। তিনি বলেন, 'বিয়ের ছ'মাস যেতে না যেতেই অত্যাচার শুরু হয়। লাফিয়ে বাড়তে থাকে টাকার অঙ্ক।'
ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, নিক্কিকে চুল ধরে টানছে স্বামী বিপিন এবং আর এক মহিলা। বিপিনের গায়ে রক্তের দাগ স্পষ্ট। অন্য এক ক্লিপে দেখা যায়, আগুনে জ্বলন্ত অবস্থায় সিঁড়ি বেয়ে নীচে নামছেন তরুণী। তারপর মাটিতে বসে রয়েছেন মারাত্মক দগ্ধ শরীর নিয়ে। কেউ একজন তাঁর গায়ে জল ঢালছে।
গ্রেটার নয়ডার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার সুধীর কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে খবর পান তাঁরা। গুরুতর দগ্ধ অবস্থায় নিক্কিকে সাফদরজং হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানেই নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বোন কাঞ্চনের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। স্বামী বিপিনকে গ্রেফতার করা হয়েছে। শ্বশুর, শাশুড়ি ও দেওর, সকলকেই অভিযুক্ত করা হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।