প্রথমবার কিলোলিটার প্রতি ২ লক্ষ টাকা ছুঁল জেট ফুয়েলের দাম, চাপে বিমান সংস্থাগুলি। এর প্রভাব পড়তে পারে টিকিটের দামে, যাত্রীদের বাড়তে পারে ভ্রমণ খরচ।

বাড়তে পারে ফ্লাইটে ভাড়া
শেষ আপডেট: 1 April 2026 11:12
দ্য ওয়াল ব্যুরো: ফ্লাইটে যাতায়াত আরও খরচ সাপেক্ষ হতে চলেছে শীঘ্রই। পশ্চিম এশিয়ায় (West Asia) উত্তেজনার জেরে হু হু করে বাড়ল অ্যাভিয়েশন টারবাইন ফুয়েলের (Aviation Turbine Fuel বা ATF) দাম। দিল্লিতে (Delhi) এক লাফে কিলোলিটার প্রতি দাম বেড়ে দাঁড়াল ২.০৭ লক্ষ টাকা, যা এযাবৎ সর্বোচ্চ (Record High)। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির (State-run Oil Companies) ১১৪.৫ শতাংশ মূল্যবৃদ্ধির জেরে এই নজিরবিহীন পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
তথ্য বলছে, এক ধাক্কায় ১,১০,৭০৩.০৮ টাকা প্রতি কিলোলিটার বেড়েছে দাম। এই প্রথম ATF-এর দর ২ লক্ষের গণ্ডি পার করল। এর আগে ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine Conflict) যুদ্ধের সময় সর্বোচ্চ শিখরে উঠেছিল দাম, তবে এবার ছাপিয়ে গেল সেটাও।
এই নিয়ে টানা দ্বিতীয় মাসে বাড়ল জ্বালানির দাম। ১ মার্চ ৫.৭ শতাংশ বৃদ্ধির পর এপ্রিলেই এই বিপুল উত্থান। ফলে চাপে বিমান সংস্থাগুলি (Airlines)। কারণ তাদের মোট খরচের প্রায় ৪০ শতাংশই জ্বালানি নির্ভর (Fuel Cost)।
বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতই এই অস্বাভাবিক বৃদ্ধির মূল কারণ। কুয়েত (Kuwait), সৌদি আরব (Saudi Arabia) এবং ইরাক (Iraq)-এর মতো তেল উৎপাদনকারী দেশ উৎপাদন কমিয়েছে। অন্যদিকে ইরান (Iran)-এর বাণিজ্যিক জাহাজ ও পরিকাঠামোয় হামলায় আরও বেড়েছে অস্থিরতা। যার জেরে ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) কার্যত স্তব্ধ হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে বিমানের খরচ বাড়ছে দ্বিগুণ হারে। এছাড়াও, ২৮ ফেব্রুয়ারি থেকে একাধিক আকাশপথ (Airspace) বন্ধ থাকায় আন্তর্জাতিক উড়ানে ঘুরপথে যেতে হচ্ছে ভারতীয় বিমান সংস্থাগুলিকে। এতে জ্বালানি খরচ সাশ্রয়ের বদলে বাড়ছে হুহু করে।
ফল কী?
যাত্রীদের পকেটে চাপ। বিশেষজ্ঞদের স্পষ্ট বক্তব্য, বিমানভাড়া (Airfare) আরও বাড়তে পারে। সংস্থাগুলি ‘ফুয়েল সারচার্জ’ (Fuel Surcharge) বাড়াতে পারে চাইলে। আন্তর্জাতিক সংস্থা International Air Transport Association (IATA) জানিয়েছে, ইতিমধ্যেই ভাড়ার ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।
এদিকে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (Hindustan Petroleum) প্রতি মাসের প্রথম দিনে আন্তর্জাতিক বাজারদর (Global Benchmark) ও মুদ্রার ওঠানামার (Currency Fluctuation) ভিত্তিতে ATF ও LPG-র দাম সংশোধন করে। বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতায় সেই প্রভাবই পড়ল আকাশপথে।