জয়পুরে প্রবল বর্ষণে ভেঙে পড়ল চারতলা বাড়ি। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত ২ জনের, গুরুতর আহত একাধিক। রাতভর উদ্ধারকাজ চালিয়েছে SDRF ও সিভিল ডিফেন্স।

ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 6 September 2025 18:27
দ্য ওয়াল ব্যুরো: জয়পুরের সুভাষ চক এলাকার রামকুমার ধাওয়াই স্ট্রিটের কাছে শুক্রবার গভীর রাতে ভেঙে পড়ল এক পুরনো চারতলা বাড়ি। ঘটনায় প্রাণ হারালেন দু’জন, গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। শেষ কয়েকদিন ধরে টানা বৃষ্টির ফলে আলগা হয়েছে মাটি। এর জেরে পুরনো বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়। চুনাপাথরের গাঁথনি আলগা হয়ে শেষ পর্যন্ত ধসে পড়ে।
অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (নর্থ) দুর্গ সিং রাজপুরোহিত জানিয়েছেন, ওই বাড়িটিতে প্রায় ১৯টি পরিবার ভাড়া থাকত। শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ ধসের খবর আসে পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে পুলিশ, সিভিল ডিফেন্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF)-এর দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিলেন অন্তত সাতজন। তাঁদের মধ্যে এক জন যুবক, ৩৩ বছরের প্রভাত এবং তাঁর ছয় বছরের মেয়ে পিহু মারা যান। প্রভাতের স্ত্রী সুনিতা-সহ চার জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাড়িটিতে যে পরিবারগুলি ভাড়া থাকতেন তাঁদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক। তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানিয়েছে প্রশাসন। সুরক্ষা নিশ্চিত করতে আশপাশের বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখছে পুর আধিকারিকরা।
এদিকে, মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েকদিনে গুজরাত, সৌরাষ্ট্র, কচ্ছ, পূর্ব রাজস্থান এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে প্রবল থেকে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ সেপ্টেম্বর গুজরাতের একাধিক জেলায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রাজস্থানে ৬ সেপ্টেম্বর এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে ৭ সেপ্টেম্বর অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি।
সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনও অসুবিধা হলে যোগাযোগ করতে বলা হয়েছে প্রশাসনের সঙ্গে।