রাজ্য প্রত্নতত্ত্ব দফতরের তরফে জানানো হয়েছে, ১৯৭৬ সালে যখন আমের দুর্গে পর্যটকদের জন্য হাতি চড়ার ব্যবস্থা চালু হয়, তখনই এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল হাতিগুলিকে পাহাড়ের ধারের থেকে সুরক্ষিত রাখা।

জয়পুরে আমের দুর্গের পাঁচিল ভেঙে পড়ল
শেষ আপডেট: 23 August 2025 22:19
দ্য ওয়াল ব্যুরো: জয়পুরের ঐতিহাসিক আমের ফোর্টে (Amber Fort Jaipur) শনিবার বিকেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে। টানা প্রবল বর্ষণের ফলে প্রায় ২০০ ফুট দীর্ঘ প্রাচীর একাংশ হঠাৎ ভেঙে পড়ে। ঘটনাটি দুপুর আড়াইটে নাগাদ ঘটে বলে জানা গেছে। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। দুর্ঘটনার সময় এক মোটরবাইক এবং একটি ই-রিকশা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে গেলেও সেগুলি দ্রুত সরিয়ে নেওয়া হয়।
রাজ্য প্রত্নতত্ত্ব দফতরের তরফে জানানো হয়েছে, ১৯৭৬ সালে যখন আমের দুর্গে পর্যটকদের জন্য হাতি চড়ার ব্যবস্থা চালু হয়, তখনই এই প্রাচীরটি তৈরি করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল হাতিগুলিকে পাহাড়ের ধারের থেকে সুরক্ষিত রাখা। দফতরের পরিচালক পঙ্কজ ধারেন্দ্র বলেন, “শনিবার সকাল থেকে লাগাতার বৃষ্টির জেরেই প্রাচীর ভেঙে পড়েছে। দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে।”
আমের ফোর্টের সুপারিন্টেনডেন্ট ড. রাকেশ ছোলক জানান, দুর্ঘটনার পর আপাতত হাতির সওয়ারি বন্ধ রাখা হয়েছে। দুর্গের ক্ষতিগ্রস্ত অংশে প্রবেশে পর্যটকদের জন্য কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এলাকা ঘিরে দেওয়া হয়েছে।
শনিবার সকাল থেকে জয়পুর শহরে ৩৩ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে। শহরের অন্যান্য অংশেও প্রায় ২৩ মিমি বৃষ্টিপাত হয়। চোমুতে ১০২ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে, ফলে আশপাশের গ্রামীণ অঞ্চলেও জলাবদ্ধতার সমস্যা তৈরি হয়েছে। মুঘনা মান্ডির ব্যবসায়ীরা জানান, বাজার এলাকার দোকানের বেজমেন্ট জলে ভরে গেছে, প্রশাসনকে বারবার অভিযোগ জানালেও স্থায়ী সমাধান হয়নি।
কোটা, বুন্দি, সাওয়াই মাধোপুর এবং টঙ্কে প্রবল বর্ষণে স্বাভাবিক জীবন ব্যাহত হয়েছে। সেনা ও এনডিআরএফ নামানো হয়েছে উদ্ধারকাজে। একই সঙ্গে এসডিআরএফের দলও গ্রামাঞ্চলে আটকে পড়া মানুষদের সরিয়ে নিয়ে যাচ্ছে।
আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) ও জেলা প্রশাসন মিলে দুর্গে ক্ষয়ক্ষতির প্রাথমিক মেরামতির কাজ শুরু করেছে। বিশেষজ্ঞদের দিয়ে গঠনগত দুর্বলতা পরীক্ষা করানো হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে সংরক্ষণের কৌশল নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।