ইজরায়েলের প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি ঘোষণার অনুরোধ জানিয়েছেন মোদী।

মোদী-নেতানিয়াহু
শেষ আপডেট: 2 March 2026 08:36
দ্য ওয়াল ব্যুরো: ইরান-ইজরায়েলের সংঘাতের (Iran-Israel Conflicts) জেরে আরবদুনিয়া এখন হুমকির মুখে। মিসাইল, ড্রোন হামলা, পরপর বিস্ফোরণে প্রাণহানির আশঙ্কায় দিন কাটছে সাধারণ মানুষের। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। এমন সময় নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকারের বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পাশাপাশি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Israeli PM Netanyahu) সঙ্গে ফোনে কথা বলে দ্রুত যুদ্ধবিরতিরও আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, 'আরবদুনিয়ার বর্তমান অবস্থা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা হয়েছে।' ইজরায়েলের প্রধানমন্ত্রীকে (Israeli PM) সাধারণ মানুষের জীবনকে গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি ঘোষণার অনুরোধ জানিয়েছেন মোদী।
এখানেই থেমে থাকেননি মোদী। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নয়হানের (United Arab Emirates President Sheikh Mohamed bin Zayed Al Nahyan) সঙ্গেও ফোনে কথা হয়েছে তাঁর। আমিরশাহীতে হামলায় প্রাণহানি নিয়ে শোকপ্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।
Had a telephone call with PM Benjamin Netanyahu to discuss the current regional situation. Conveyed India's concerns over recent developments and emphasised the safety of civilians as a priority. India reiterates the need for an early cessation of hostilities.@netanyahu
— Narendra Modi (@narendramodi) March 1, 2026
এই কঠিন সময় আমিরশাহীর পাশে থাকার আশ্বাস দিয়েছে মোদী (PM Modi)। পাশাপাশি, সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মোদীর কথায়, "আমিরশাহীতে হামলার তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। আমরা সবসময়েই শান্তির পক্ষে থাকব।"
ইজরায়েলের সঙ্গে যৌথভাবে শনিবার ইরানে হামলা চালায় আমেরিকা (Iran-Israel-US)। তিন দেশের সংঘাতের জেরে যুদ্ধ পরিস্থিতি সমগ্র আরবদুনিয়ায় (Middle East)। ইজরায়েল ও মার্কিন হামলায় (Israel-US Strikes) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-সহ সেনা প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন।
প্রতিশোধ নিতে ইরান (Iran) ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইজরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে। শনিবার ভোররাত থেকে শুরু হওয়া এই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখনও পর্যন্ত ২০০ জনের মৃত্যুর খবর মিলেছে।
এই পরিস্থিতিতেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump) ইঙ্গিত দিয়েছেন এই সংঘাত এখনই শেষ হবে না, অন্তত আরও কয়েক সপ্তাহ চলবে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন এখনই মধ্যস্থতায় আসতে চাইছে না, বরং দীর্ঘ মেয়াদি অভিযানের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে।
অন্যদিকে, পরিস্থিতির গুরুত্ব বুঝে রবিবার রাতেই মন্ত্রিসভার জরুরি বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইরান, আমেরিকা, ইজরায়েলের সাম্প্রতিক সংঘাতের (Iran Israel US conflict impact India) আবহে ভারতের নিরাপত্তা কৌশল এবং বিদেশনীতি কী হবে, তাই ছিল প্রধান আলোচ্য বিষয়।