উত্তরপ্রদেশের এক সরকারি মেডিকেল প্রতিষ্ঠানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থা ও ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 January 2026 08:54
দ্য এয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের একটি স্বনামধন্য সরকারি মেডিকেল প্রতিষ্ঠানে এক নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগ উঠল ওই প্রতিষ্ঠানেরই এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্তের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন এবং পরবর্তীতে ব্যক্তিগত ছবি সমাজমাধ্যমে ফাঁস করে দেওয়ার হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী নার্সিং ছাত্রীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত চিকিৎসক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের জালে ফাঁসিয়েছিলেন। সেই অছিলায় বিভিন্ন সময়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন ওই ইন্টার্ন। সম্প্রতি ছাত্রীটি যখন বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন, তখন অভিযুক্ত তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন। শুধু তাই নয়, ছাত্রীটির বেশ কিছু ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে মুখ বন্ধ রাখতে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) বিশ্বজিৎ শ্রীবাস্তব জানিয়েছেন, কায়সারবাগ থানায় ইতিমধ্যেই এই মর্মে একটি এফআইআর (FIR) নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযুক্ত চিকিৎসকের বর্তমান অবস্থান ও স্থায়ী ঠিকানার খোঁজ চালাচ্ছে। খুব দ্রুত ম্যাজিস্ট্রেটের সামনে ভুক্তভোগী ছাত্রীর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছেন তিনি।
উদ্বেগজনক বিষয় হল, গত ১৫ দিনের মধ্যে ওই একই মেডিকেল ইনস্টিটিউটে এটি দ্বিতীয় এমন অপরাধের খবর। এর আগে পশ্চিমবঙ্গ থেকে আসা এক নারী চিকিৎসক তাঁর সহকর্মীর বিরুদ্ধে ‘লাভ-জিহাদ’-এর অভিযোগ এনেছিলেন। ওই ঘটনায় অভিযোগ ছিল, বিয়ের আগে তাঁকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছিল। খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই সময় ভুক্তভোগী নারী চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। সেই ঘটনার অভিযুক্ত চিকিৎসকও বর্তমানে পলাতক।