বুধবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (CM Mohan Yadav) ইন্দোরে গিয়ে আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলেন। তিনি ৪-৫টি হাসপাতাল ঘুরে দেখেন।

ইন্দোরে জল দূষণ
শেষ আপডেট: 1 January 2026 19:15
দ্য ওয়াল ব্যুরো: পানীয় জলের দূষণে ভয়াবহ অবস্থা ভারতের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোরের (Indore water contamination)। দূষিত জল পান করে প্রাণ হারিয়েছে একাধিক, মৃতদের মধ্যে রয়েছে মাত্র ছ'মাস বয়সের এক শিশুও। কয়েকদিন অসুস্থ থাকার পর গত সপ্তাহে তার মৃত্যু হয়েছে।
দশ বছরের দীর্ঘ অপেক্ষার পর পুত্র সন্তানের জন্ম হয়েছিল ইন্দোরের সাহু পরিবারে। কিন্তু এই জল দূষণ-বিপর্যয় তাকে কেড়ে নিল (Six month old baby dies)। মৃত শিশুর বাবা সুনীল সাহু জানান, "বাচ্চার ডায়রিয়া এবং জ্বর ছিল। আমরা গত ২৬ তারিখ ওকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। দু'দিন ভালই ছিল কিন্তু তারপর হঠাৎ করেই শরীর খারাপ হয়।"
সেই মুহূর্তের কথা মনে করে সুনীল বাবু বলেন, "ওর গা জ্বরে পুড়ে যাচ্ছিল। বমি থামছিল না, এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কিছুতেই কিছু হচ্ছিল না। ২৯ ডিসেম্বর তার মৃত্যু হয়।"
প্রশাসনের হিসাব অনুযায়ী, ইন্দোরের ভাগীরথপুরা এলাকায় দূষিত জল খেয়ে এখনও পর্যন্ত অন্তত সাত জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি প্রায় দেড়শো (Indore water tragedy)। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, আক্রান্তের সংখ্যা হাজার ছুঁয়েছে (Madhya Pradesh)।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব (CM Mohan Yadav) ইন্দোরে গিয়ে ইতিমধ্যেই আক্রান্ত মানুষদের সঙ্গে কথা বলেন। তিনি ৪-৫টি হাসপাতাল ঘুরে দেখেন, চিকিৎসা ব্যবস্থার খোঁজ নেন এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে কয়েকজন সরকারি কর্মীকে শাস্তি দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রী মৃত শিশুর পরিবারের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা ঘোষণা করেন।
পুরো ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন আইএএস নবজীবন পানওয়ার। কমিটিতে সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার প্রদীপ নিগম ও মেডিক্যাল কলেজের অধ্যাপক ড. শৈলেশ রাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) বিজেপিকে নিশানায় এনে বলেন, "এঁরা সেইসব মানুষ যাঁরা দাবি করেছিল গঙ্গাকে দূষণমুক্ত করবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি সেই গঙ্গার জল পান করতে হয় তাহলে তো অসুস্থ হতেই হবে।"