সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেন সোনম। পুলিশের জেরায় স্বামীকে খুনের পরিকল্পনার কথা স্বীকার করেন সোনম।
.jpeg.webp)
গ্রাফিক্স- দ্য ওয়াল
শেষ আপডেট: 10 June 2025 19:08
দ্য ওয়াল ব্যুরো: মেঘালয়ের মধুচন্দ্রিমায় স্বামী রাজা রঘুবংশীকে খুনের চক্রান্ত বিয়ের তিন দিনের মাথাতেই করেছিলেন সোনম। প্রেমিক রাজ কুশওয়ার সঙ্গে চ্যাট থেকেই উঠে এসেছে এই খুনের ব্লুপ্রিন্ট। সূত্রের দাবি, চ্যাটে সোনম প্রেমিককে জানিয়েছিলেন, স্বামী তাঁর প্রতি শারীরিকভাবে আগ্রহ দেখালে তিনি তাতে খুবই অস্বস্তি বোধ করতেন। বিয়ের আগেই রাজার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করেছিলেন। সেকথাও স্পষ্ট জানান প্রেমিককে।
দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর সোমবার উত্তরপ্রদেশের গাজিপুরে আত্মসমর্পণ করেন সোনম। পুলিশের জেরায় স্বামীকে খুনের পরিকল্পনার কথা স্বীকার করেন সোনম। সূত্রের আরও দাবি, ইচ্ছাকৃতভাবে রাজাকে খুনের জন্য বাড়ি থেকে একদম দূরের একটি জায়গা, মেঘালয়কে বেছে নেওয়া হয়েছিল। যাতে খুনের বিষয়টি থেকে নজর ঘোরানো যায়।
হানিমুনে যাওয়ার পরিকল্পনা অন্য পর্যটনস্থলে হলেও পরে মেঘালয়কে বেছে নেওয়া হয়। পূর্ব পরিকল্পনা মতো ১০ মে বিয়ের পর ২১ মে তাঁরা মধুচন্দ্রিমার জন্য মেঘালয়ে পৌঁছন। ২৩ মে, নিখোঁজ হয়ে যান। পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় পুলিশ এবং প্রশাসন তল্লাশি শুরু করলে চেরাপুঞ্জির একটি গভীর গিরিখাত থেকে রাজার দেহ উদ্ধার হয়।
শিলং পুলিশ প্রথম থেকেই স্পষ্ট জানিয়ে দেয়, এটি দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত খুন। যদিও সোনমের ভাই মাঝে দাবি করেছিলেন, তাঁর দিদিকে পাচার করা হয়েছে বাংলাদেশে। প্রসঙ্গ ওঠে ডাকাতিরও।
গাজিপুরে আত্মসমর্পণের পর সোনম পুলিশের কাছে স্বীকার করেন, রাজাকে খুন করার জন্য সুপারি কিলার নিয়োগ করেছিলেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। সোনমের প্রেমিক রাজ কুশওয়া ছাড়াও ধৃতরা হলেন আকাশ রাজপুত, বিকাশ ওরফে ভিকি এবং আনন্দ।
সোমবার প্রকাশিত ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী, রাজার শরীরে একাধিক ধারালো অস্ত্রের ক্ষত ছিল। মাথার সামনে ও পিছনে দু'টি বড় ক্ষত পাওয়া গেছে।
ঘটনার তদন্ত চলছে, সোনম খুনের কথা স্বীকার করলেও আর কোনও তথ্য তাঁর থেকে পাওয়া যাচ্ছে না কারণ তিনি সহযোগিতা করছেন না। মুখ খুলতে চাইছেন না। তাঁকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করে তথ্য আদায়ের চেষ্টা করছেন তদন্তকারীরা।