ইরান ও উপসাগরীয় অঞ্চলে আকাশসীমা কড়াকড়ির জেরে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ৫০০-র বেশি উড়ান বাতিল করেছে ইন্ডিগো।

৫০০ উড়ান বাতিল ইন্ডিগোর
শেষ আপডেট: 4 March 2026 23:58
দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ার পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ। এরই মাঝে বড়সড় সিদ্ধান্ত নিল ইন্ডিগো (IndiGo)। বুধবার সংস্থাটি জানায়, ইরান ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমায় পরিবর্তিত নিষেধাজ্ঞার কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্য এবং কিছু আন্তর্জাতিক গন্তব্যে ৫০০-র বেশি উড়ান বাতিল করা হয়েছে।
নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়া বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, পরিস্থিতির প্রভাবে আয়-পরিবেশ কীভাবে বদলাচ্ছে, তা তারা পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইজরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতের কারণে ২৮ ফেব্রুয়ারি থেকেই মধ্যপ্রাচ্যের আকাশপথে কড়াকড়ি জারি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে উড়ান পরিষেবায়।
সংস্থার তরফে বলা হয়েছে, তাদের পরিচালন দল ক্রমাগত আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করছে। প্রয়োজনে উড়ানের সময়সূচি নতুন করে সাজানো হচ্ছে এবং সংশ্লিষ্ট ভারতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে যাত্রীদের দেশে ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে, যাতে ভোগান্তি কমানো যায়।
এদিকে মঙ্গলবার ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানায়, চলমান পরিস্থিতির জেরে ৩ মার্চ পর্যন্ত ভারতীয় বিমান সংস্থাগুলির ১,২২১টি এবং বিদেশি বিমান সংস্থার ৩৮৮টি উড়ান বাতিল হয়েছে।
মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, ৩ মার্চ ভারতে থেকে ৩৫৬টি আন্তর্জাতিক উড়ান ছেড়েছে এবং দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৩৩৮টি আন্তর্জাতিক উড়ান।