মসৃণ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ১২ লক্ষ কর্মী ২৪ ঘণ্টা কাজ করছেন বলে জানান রেল বোর্ডের আধিকারিক। যাত্রীদের সুবিধার জন্য করা হয়েছে রিয়েল-টাইম মনিটরিংয়ের ব্যবস্থাও।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 October 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: দেওয়ালি আর ছটপুজোয় বাড়বে ভিড়, সেই কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতি নিল ভারতীয় রেল। উৎসবের মরসুমে যাত্রীদের চাপ সামলাতে ১২,০০০-রও বেশি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করল রেল কর্তৃপক্ষ। গত বছর এই সময় মোট ৭,৭২৪টি স্পেশ্যাল ট্রেন চালানো হয়েছিল। এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ।
রেল বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর (ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটি) দিলীপ কুমার জানিয়েছেন, “লক্ষাধিক মানুষ যাতে পরিবারের সঙ্গে স্বাচ্ছন্দ্যে উৎসব পালন করতে পারেন, তাই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।” তিনি আরও জানান, গত কয়েক দিনেই প্রায় ১ কোটি যাত্রী এই বিশেষ ট্রেনগুলির সুবিধা নিয়েছেন। শুধু দিল্লি থেকেই গত চার দিনে প্রায় ১৫ লক্ষ যাত্রী ট্রেনে চড়েছেন।
মসৃণ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ১২ লক্ষ কর্মী ২৪ ঘণ্টা কাজ করছেন বলে জানান রেল বোর্ডের আধিকারিক। যাত্রীদের সুবিধার জন্য করা হয়েছে রিয়েল-টাইম মনিটরিংয়ের ব্যবস্থাও।
কোথা থেকে ছাড়বে বিশেষ ট্রেন, কী ব্যবস্থা থাকছে
দিল্লি, আনন্দ বিহার, হজরত নিজামুদ্দিন এবং দিল্লি জংশন স্টেশন থেকে ছাড়বে। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে উত্তর রেল তৈরি করেছে অতিরিক্ত টিকিট কাউন্টার, বাড়ানো হয়েছে অপেক্ষাকক্ষের ব্যবস্থা। স্টেশনগুলিতে নজরদারিও বাড়ানো হয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয়েছে আলাদা হোল্ডিং এরিয়া।
যে সব রুটে চলবে উৎসব স্পেশ্যাল ট্রেন
মোট ১৭টি উৎসব স্পেশ্যাল ট্রেন চলবে পটনা, লখনউ, দারভাঙা, মানসি, ধানবাদ, ভাগলপুর, সীতামঢ়ি, হাওড়া, পাটলিপুত্র, হাসানপুর রোড, দানাপুর, গয়া ও প্রয়াগরাজ-সহ একাধিক রুটে। সব ট্রেনই সম্পূর্ণ রিজার্ভড থাকবে, যাতে যাত্রীরা আরামে ও নিরাপদে ভ্রমণ করতে পারেন।
রেল যাত্রীদের পরামর্শ দিয়েছে, যাত্রার আগে অবশ্যই ট্রেনের সময়সূচি, রুট এবং স্টপেজ যাচাই করে নিতে। এর জন্য রেল মাদাদ হেল্পলাইন নম্বর ১৩৯-এ ফোন করা যাবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট www.enquiry.indianrail.gov.in- এ ভিজিট করা যাবে।
সব মিলিয়ে, উৎসবের মরসুমে যাত্রীদের আরামদায়ক, নিরাপদ এবং ঝামেলামুক্ত ভ্রমণ নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল।