রেলমন্ত্রী আরও জানান, ভুয়ো ভিডিও শেয়ার করা মানেই তা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
শেষ আপডেট: 20 October 2025 00:12
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেল সম্পর্কিত ভুয়ো ভিডিও (Indian Railways fake videos circulation) ছড়ালেই কড়া পদক্ষেপ (strict action) নেওয়া হবে, সেই প্রক্রিয়া শুরু হয়েও গিয়েছে - স্পষ্ট জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw)। রবিবার দিল্লির আনন্দ বিহার রেলস্টেশন পরিদর্শন করার পর এই মন্তব্য করেন।
উৎসবের সময় যখন অনেক মানুষের সমাগম হয়, তখন স্টেশনে ভিড় ব্যবস্থাপনায় কী পদক্ষেপ নেওয়া হয় সেই সম্পর্কিত যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখেন এদিন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়, রেলমন্ত্রী আরও জানান, ভুয়ো ভিডিও শেয়ার করা মানেই তা যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। সবাইকে অনুরোধ করেন, এ ধরনের কাজ থেকে যেন মানুষ বিরত থাকেন।
রেলমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আনন্দ বিহার স্টেশনে হোল্ডিং এরিয়া পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন। যাত্রীদের কাছ থেকে স্টেশনের পরিচ্ছন্নতা এবং বর্তমান সুযোগ-সুবিধা সম্পর্কে মতামত নেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “বিপুল যাত্রীর চাপ থাকা সত্ত্বেও কোনও অসুবিধা যাতে না হয়, তা নিশ্চিত করতে রেলওয়েতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধা ও নিরাপত্তা আমাদের শীর্ষ অগ্রাধিকার।”
পরিদর্শনে রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও সতীশ কুমার, উত্তর রেলের জেনারেল ম্যানেজার অশোক কুমার বর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার নতুন দিল্লি স্টেশনের নতুন নির্মিত হোল্ডিং এরিয়া পরিদর্শন করেছেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি নিরাপত্তা ও সুবিধা নিয়ে আলোচনা করেছেন।