বর্ধমান স্টেশনে পদপিষ্টের মতো দুর্ঘটনার পর নড়েচড়ে বসল রেল কর্তৃপক্ষ। যাত্রী নিরাপত্তার জন্য এবার থেকে প্ল্যাটফর্ম ও ফুটব্রিজ ব্যবহারে নতুন নিয়ম চালু হল।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 16 October 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান স্টেশনে কয়েকদিন আগেই অতিরিক্ত ভিড়ের জেরে ঘটে গিয়েছিল বড়সড় দুর্ঘটনা। ফুট ওভারব্রিজে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় বহু যাত্রী গুরুতর আহত হন। সেই ঘটনার পরই অবশেষে নড়েচড়ে বসল রেলওয়ে কর্তৃপক্ষ। নতুন করে বদল আনা হয়েছে ট্রেনের প্ল্যাটফর্ম ও যাত্রী চলাচলের নিয়মে।
পূর্ব রেলের তরফে এবার থেকে প্রতিদিন নির্দিষ্ট রুটের জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্ম ঠিক করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বর্ধমান–হাওড়া মেন লাইন লোকাল আসবে ৩ নম্বর প্ল্যাটফর্মে, কর্ড লাইন লোকাল ৪ নম্বরে, বর্ধমান–আসানসোল ও বর্ধমান–রামপুরহাট লাইনের লোকাল ৬ এবং ৭ নম্বরে, আর বর্ধমান–কাটোয়া লাইনের লোকাল আসবে ৮ নম্বর প্ল্যাটফর্মে। একইসঙ্গে ট্রেনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রেল।
শুধু প্ল্যাটফর্ম নয়, এবার থেকে স্টেশনের ফুট ওভারব্রিজ ব্যবহারেও আসছে নিয়ম। প্রতিটি রুটের যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে কোন ফুটব্রিজ দিয়ে চলাচল করতে হবে। রেল কর্তৃপক্ষের দাবি, এই ব্যবস্থার মূল উদ্দেশ্যই হল যাত্রী ভিড় নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা এড়ানো।
তবে এই নতুন ব্যবস্থায় অনেক যাত্রী খুশি নন। তাঁদের অভিযোগ, দুর্ঘটনা ঘটার পরেই রেল কর্তৃপক্ষ তৎপর হয়, কিছুদিন পর সব আগের মতোই হয়ে যায়। অনেকের অভিযোগ, ফুট ওভারব্রিজগুলির পরিকাঠামোও সঠিক নয়, সিঁড়ি সংকীর্ণ, চলন্ত সিঁড়ি ব্যবহারেও সবাই অভ্যস্ত নন, ফলে আরও দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।
রেলের এক আধিকারিক জানিয়েছেন, আপাতত পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছে। যাত্রী চলাচলের পরিস্থিতি দেখে পরবর্তীতে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে। স্টেশনের বিভিন্ন জায়গায় নির্দেশিকা লাগানো হবে বলেও তিনি জানান।