রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্টেশনে প্রচুর ভিড় বা বিশৃঙ্খলার ছবি। কিন্তু তদন্তে দেখা গেছে, সেসব ভিডিও আসলে পুরোনো, কিংবা অন্য ঘটনার সঙ্গে সম্পর্কহীন। এইসব ভিডিও দেখে অনেক যাত্রী ভুল ধারণা পোষণ করছেন, কেউ কেউ যাত্রা বাতিলও করছেন।

Indian Railway
শেষ আপডেট: 18 October 2025 19:34
দ্য ওয়াল ব্যুরোঃ উৎসবের মরসুমে যখন দেশের নানা প্রান্তে মানুষজন ট্রেনে করে যাতায়াত করছেন, ঠিক সেই সময়ে সোশ্যাল মিডিয়ায় রেল সংক্রান্ত পুরোনো বা ভুল ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এতে অনেক যাত্রী বিভ্রান্ত হচ্ছেন, কেউ কেউ আতঙ্কিতও হচ্ছেন। এই পরিস্থিতি রুখতেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেলওয়ে।
রেলওয়ে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ২০টিরও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল চিহ্নিত করা হয়েছে, যারা পুরোনো ভিডিও বা ভুল তথ্য ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে। শুধু তাই নয়, এমন ধরনের ভুয়ো প্রচার রুখতে ২৪ ঘণ্টা নজরদারি চালানোর জন্য বিশেষ “সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল” তৈরি করা হয়েছে। এই টিম দিন-রাত পর্যবেক্ষণ করবে, কোথাও কোনো মিথ্যা খবর বা বিভ্রান্তিকর ভিডিও ছড়ানো হচ্ছে কি না।
রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে স্টেশনে প্রচুর ভিড় বা বিশৃঙ্খলার ছবি। কিন্তু তদন্তে দেখা গেছে, সেসব ভিডিও আসলে পুরোনো, কিংবা অন্য ঘটনার সঙ্গে সম্পর্কহীন। এইসব ভিডিও দেখে অনেক যাত্রী ভুল ধারণা পোষণ করছেন, কেউ কেউ যাত্রা বাতিলও করছেন।
রেল প্রশাসন জানিয়েছে, এই ধরনের বিভ্রান্তি এড়াতে সবাইকে সতর্ক হতে হবে। কোনো রেল সংক্রান্ত ভিডিও বা ছবি দেখে যাচাই না করে যেন কেউ শেয়ার না করেন। কারণ এতে অন্যরাও বিভ্রান্ত হতে পারেন। রেলওয়ে অনুরোধ করেছে, যাত্রীরা যেন শুধুমাত্র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেল — যেমন X (পূর্বে টুইটার)-এ @RailMinIndia, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব — থেকে প্রকাশিত তথ্যের উপরই ভরসা করেন।
রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যারা ইচ্ছাকৃতভাবে ভুয়ো তথ্য ছড়াবে বা আতঙ্ক সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উৎসবের সময় যাত্রীদের নিরাপত্তা, সঠিক তথ্য প্রচার ও ভিড় নিয়ন্ত্রণে রেলওয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, “যাত্রীরা যদি যাচাই করা সূত্রের তথ্যেই ভরসা করেন, তবে অনেক ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি এড়ানো সম্ভব।”
রেলওয়ে সকল যাত্রী ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আহ্বান জানিয়েছে— দায়িত্বশীল হন, সত্যতা যাচাই করুন, তারপরই তথ্য শেয়ার করুন। তবেই নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা সম্ভব।