আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে এখন উত্তেজনা প্রবল। সেই সময়ই ভারতবিরোধী বক্তব্যে সরব হলেন মুনির। দাবি করলেন, পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা ভারতকে চুরমার করে দিতে সক্ষম।

আসিম মুনির
শেষ আপডেট: 18 October 2025 19:19
দ্য ওয়াল ব্যুরো: ভারতকে (India) উদ্দেশ্য করে ফের কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান (Pakistan Army Chief) ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে (Afghanistan War) এখন উত্তেজনা প্রবল। সেই সময়ই ভারতবিরোধী বক্তব্যে সরব হলেন মুনির। দাবি করলেন, পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা ভারতকে চুরমার করে দিতে সক্ষম।
কাকুলে পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমিতে কার্যত এক উস্কানিমূলক ভাষণ দেন মুনির। সেখানে তিনি বলেন, “পারমাণবিক যুদ্ধের (Nuclear War) কোনও জায়গা নেই।” কিন্তু পরক্ষণেই যুক্ত করেন, “তবুও সামান্য উস্কানিতে পাকিস্তান নিজের সীমার বাইরে গিয়ে কঠোর প্রতিক্রিয়া দিতে পারে।”
মুনিরের হুমকি, “যদি নতুন করে সংঘর্ষের আগুন জ্বলে ওঠে, পাকিস্তানের প্রতিক্রিয়া হবে প্রত্যাশার অনেক বাইরে। আজ যুদ্ধক্ষেত্র আর যোগাযোগক্ষেত্রের সীমা মুছে গেছে, আমাদের অস্ত্রব্যবস্থার ক্ষমতা ভারতের সবরকম সুরক্ষা ভেঙে দেবে।” তিনি আরও দাবি করেন, “যে ক্ষতি ভারতকে সামরিক ও অর্থনৈতিকভাবে সহ্য করতে হবে, তা কল্পনারও বাইরে হবে। আর সেই সংঘাতের দায় সম্পূর্ণভাবে ভারতের কাঁধেই বর্তাবে।”
এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। কারণ, যখন পাকিস্তান নিজেই আফগান সীমান্তবর্তী গ্রামগুলিতে বোমাবর্ষণ করছে, তখন ভারতের বিরুদ্ধে এমন পারমাণবিক সংঘাতের হুঁশিয়ারি আরও প্রশ্ন তুলছে ইসলামাবাদের উদ্দেশ্য নিয়ে। প্রসঙ্গত এর আগেও, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার কয়েকদিন আগে ভারতবিরোধী বক্তৃতা দিয়েছিলেন মুনির।
ভারতও অবশ্য পিছিয়ে নেই। শনিবারই দেশীয় ব্রহ্মোস দেখিয়ে পড়শি দেশকে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম ব্যাচের ব্রাহ্মোস (BrahMos) সুপারসনিক ক্ষেপণাস্ত্র উদ্বোধন করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সেখান থেকেই পাকিস্তানকে কড়া বার্তা দিলেন রাজনাথ — “পাকিস্তানের প্রতিটা ইঞ্চি এখন ব্রহ্মোসের নাগালের মধ্যে। ‘অপারেশন সিঁদুর’ ছিল শুধু একটি ট্রেলার!”
রাজনাথের কথায়, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) শুধু একটি সামরিক অভিযান ছিল না, বরং পাকিস্তানের কান মলে বুঝিয়ে দেওয়া হয়েছে, সীমানা লঙ্ঘনের কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না। সম্প্রতি পাকিস্তানের সীমান্তে চালানো অপারেশন সিঁদুরে ব্রহ্মোস মিসাইলের ব্যবহার কার্যত পাকিস্তানের সেনা নেতৃত্বকে কাঁপিয়ে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই মিসাইল সিস্টেমের কার্যকরী প্রদর্শন দেখিয়ে দিয়েছে— ভারত তার শত্রুদের কখনও ছাড়বে না।”