সাধারণ ঘোড়া নয়, ব্যাটম্যানের গাড়িতে চেপে এলেন বর ফেনিল, সোশ্যাল মিডিয়ায় ঝড়

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।
শেষ আপডেট: 23 August 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: বিয়েবাড়ি (Wedding) মানেই বাজনা, আলোকসজ্জা আর উল্লাস। ভারতীয় বিয়ে তো বটেই, বিদেশে প্রবাসী ভারতীয়দের বিয়েও কম চমকপ্রদ নয়।
তবে এবার এক বর (Indian Groom) এমন এন্ট্রি নিলেন, যা দেখে হতবাক সবাই। থাইল্যান্ডে বরযাত্রীতে হাজির হল ব্যাটম্যানের ‘ব্যাটমোবাইল’ (Batmobile)।
ভাইরাল হওয়া (Video Viral) ভিডিওয় দেখা যাচ্ছে, বর ফেনিল ব্যাটমোবাইলের ছাদে দাঁড়িয়ে উচ্ছ্বাসে নাচছেন। চারপাশে বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন মেতে উঠেছেন ঢোল-নগাড়ার তালে। সিনেমার পর্দার মতো দৃশ্য দেখে পথচারীরাও থমকে দাঁড়ান।
প্রচলিত নিয়মে বররা সাধারণত ঘোড়া কিংবা সজ্জিত গাড়িতে আসেন। কিন্তু ব্যাটম্যান-ভক্ত ফেনিলের এই অদ্ভুতুড়ে ভাবনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
ইতিমধ্যেই ভিডিওটিতে ২০ লক্ষাধিক ভিউ পড়েছে। কমেন্ট বক্সে ভেসে আসছে একের পর এক মজার প্রতিক্রিয়া। কেউ লিখেছেন— “এটাই বরযাত্রার আসল গ্র্যান্ড এন্ট্রি!”
অন্যজনের মতে— “ব্যাটম্যানের কস্টিউমে এলেই জমে যেত আরও।” আবার কারও মন্তব্য— “গাড়ির চমকে বরই হারিয়ে গেলেন।”
শেষমেশ একজনের কথাতেই যেন সব জমে গেল— “আমার ভাই ফেনিল আসলেই নিজের স্বপ্নপূরণ করল।”