উত্তরবঙ্গের গভীর জঙ্গলের পথে রেললাইনে হঠাৎই ভেসে উঠল এক বিরাট ছায়া। সামনে দাঁড়িয়ে ‘জঙ্গলের রাজা’। মাঝরাতে ট্রেনের পথে হাঁটতে দেখা গেল এক বিশাল হাতিকে!

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।
শেষ আপডেট: 23 August 2025 12:36
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) গভীর জঙ্গলের পথে রেললাইনে (Train Track In Bengal) হঠাৎই ভেসে উঠল এক বিরাট ছায়া। সামনে দাঁড়িয়ে ‘জঙ্গলের রাজা’ (Elephant)। মাঝরাতে ট্রেনের পথে হাঁটতে দেখা গেল এক বিশাল হাতিকে! আর সেই মুহূর্তের রুদ্ধশ্বাস দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
LP Shri S. Toppo and ALP Shri S. Haldar deserves a salute. For they timely applied break and saved this giant. On Wednesday, somewhere in North Bengal. pic.twitter.com/cf7AJ0V1AX
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) August 22, 2025
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসেসের অফিসার পারভিন কাশওয়ান শেয়ার করেছেন ৪৫ সেকেন্ডের সেই ভিডিও। দেখা যাচ্ছে, সম্ভবত পুরুষ হাতিটি সোজা এগোচ্ছে ট্রেনের দিকে। কিন্তু হঠাৎই যেন থমকে দাঁড়াল।
মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামলে ফেলেন লোকো চালক এস. টোপ্পো ও সহকারী লোকো চালক এস. হালদার। সময়মতো ব্রেক কষে থামিয়ে দেন ট্রেন। শান্তভাবে ট্র্যাক ছেড়ে বনভূমির দিকে হাঁটতে শুরু করে দৈত্যাকার হাতিটি।
ভিডিওটি শেয়ার করে কাশওয়ান লিখেছেন, “রেলকর্মীদের অভিনন্দন, যাঁরা সময়মতো ব্রেক ব্যবহার করে বন্যপ্রাণকে রক্ষা করেছেন।”
ইতিমধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়েছে ৫০ হাজার। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখছেন, “১৭ সেকেন্ডে হাতিটি বুঝে যায় সামনে বিপদ। লোকো পাইলটদের ধন্যবাদ, সময়মতো ট্রেন থামানোর জন্য।” আবার আর একজনের মন্তব্য, “এটা নিশ্চিতভাবেই ডুয়ার্স—এনজেপি থেকে জৈগাঁওয়ের স্বর্গীয় রুট।”
ভারতে বিশ্বের প্রায় ৬০ শতাংশ বন্য হাতির বসবাস। দেশে আছে ৩৩টি এলিফ্যান্ট রিজার্ভ ও ১৫০টি চিহ্নিত হাতির করিডোর। জাতীয় ঐতিহ্যপ্রাপ্ত প্রাণী হিসেবে সুরক্ষিত হাতিরা শুধু বনভূমির নয়, ভারতীয় সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ।
এই ঘটনা যেন আবারও মনে করিয়ে দিল, মানুষ সতর্ক থাকলে প্রকৃতি ও বন্যপ্রাণীর সহাবস্থান আরও সুন্দরভাবে সম্ভব।