অনুষ্ঠানের ডিনার মেনুতে পরিবেশিত প্রতিটি পদকে এমনভাবে নাম দেওয়া হয়েছিল, যা পাকিস্তানের শহরগুলির সঙ্গে যুক্ত। এই শহরগুলির একাধিকই অতীতে সন্ত্রাসবিরোধী অভিযানের কেন্দ্রবিন্দু ছিল। ফলে মেনুতে নাম দেখা মাত্রই আলোচনার ঝড় উঠেছে অনলাইনে।

ভারতীয় বায়ুসেনার প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যায় নৈশভোজের মেনু
শেষ আপডেট: 9 October 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: প্রতিরক্ষা মানেই এর আগে গুরুগম্ভীর একটা ব্যাপার বোঝাত। কিন্তু সোশাল মিডিয়ার দুনিয়ায় প্রতিরক্ষার বেড়া ভেদ করে যেন নতুন করে রসবোধ ঢুকে পড়েছে। ৯৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ভারতীয় বায়ুসেনা। সাধারণত এ ধরনের প্রতিষ্ঠাবার্ষিকীর সন্ধ্যায় নৈশভোজ একটা বড় বিষয়। রাজধানীতে আয়োজিত সেই ঐতিহ্যবাহী ডিনারের মেনুতেই চমক দিল বায়ুসেনা। মেনুর পাতায় উঠে এল পাকিস্তানের (Pakistan) নাম—আর সেই ছবিই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যেন পাকিস্তানকেই প্লেটে পরিবেশন করল বায়ুসেনা (Indian air force dinner – Pakistan on plate)।
অনুষ্ঠানের ডিনার মেনুতে পরিবেশিত প্রতিটি পদকে এমনভাবে নাম দেওয়া হয়েছিল, যা পাকিস্তানের শহরগুলির সঙ্গে যুক্ত। এই শহরগুলির একাধিকই অতীতে সন্ত্রাসবিরোধী অভিযানের কেন্দ্রবিন্দু ছিল। ফলে মেনুতে নাম দেখা মাত্রই আলোচনার ঝড় উঠেছে অনলাইনে।
মেনুতেই ‘পাকিস্তান’
ডিনারে পরিবেশিত হয়—
রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশালা
রফিকি রারা মটন
ভোলারি পনির মেথি মালাই
সুক্কুর শাম সাভেরা কোফতা
সরগোধা ডাল মাখনি
জাকোবাবাদ মেওয়া পুলাও
বাহাওয়ালপুর নান
ডেজার্টেও ছিল তির্যক ইঙ্গিত—
বালাকোট টিরামিসু
মুজাফ্ফরাবাদ কুলফি ফলুদা
মুরিদকে মিষ্টি পান
মেনুর ছবি প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এক্স ও ইনস্টাগ্রামে বহু ব্যবহারকারী পোস্টটি শেয়ার করে লিখেছেন, “এ যেন আসলেই প্লেটে পাকিস্তান।” কেউ লিখেছেন, “বায়ুসেনার এই স্যাটায়ার একেবারে মাস্টারস্ট্রোক।” হ্যাশট্যাগে ভরে উঠেছে টাইমলাইন—#RawalpindiChicken #IAFDay #SavageMenu।
এই বছর ৯৩ বছর পূর্ণ করল ভারতীয় বায়ুসেনা। এই উপলক্ষে দেশজুড়ে পালিত হয়েছে নানা অনুষ্ঠান। দিল্লির কেন্দ্রীয় আয়োজনে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। কিন্তু পুরো অনুষ্ঠানের শেষে সবচেয়ে বেশি আলোচনায় জায়গা করে নেয় ডিনারের এই ব্যতিক্রমী মেনু। দেশের প্রতিরক্ষা রক্ষায় প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় বায়ুসেনা। এবার তাদের রসবোধও আলোচনায় উঠে এল এবার। প্রতিষ্ঠাবার্ষিকীর ডিনার মেনু ঘিরে যেমন ছড়িয়েছে হাস্যরস, তেমনই প্রতিফলিত হয়েছে কৌশলগত বার্তাও—যে ভারত সব সময় প্রস্তুত।