সেনা, নৌসেনা ও বায়ুসেনার যৌথ পরিকল্পনা এবং বাস্তবায়নকেই তিনি এর কৃতিত্ব দেন। তাঁর মন্তব্য ‘‘আমরা ছিলাম অভেদ্য আর সঠিক।’’

এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং
শেষ আপডেট: 3 October 2025 13:14
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) ৩০০ কিমি ভিতরে ঢুকে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। যাকে দেশের সামরিক ইতিহাসে মোড় ঘোরানো সাফল্য বলে বর্ণনা করলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং (Amar Preet Singh)। বৃহস্পতিবার বার্ষিক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘‘অপারেশন সিঁদুর (Operation Sindoor) ছিল এ বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। এক রাতেই পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়েছিল।’’
বায়ুসেনা প্রধানের দাবি, এই অভিযানে সবচেয়ে বড় ভূমিকা নেয় দীর্ঘ পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম। ‘‘সবচেয়ে দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছিল ৩০০ কিমিরও বেশি গভীরে। তিনি জানান, "আমাদের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাই পরিস্থিতি পাল্টে দেয়।" কোন অস্ত্রব্যবস্থা ব্যবহার হয়েছিল, তা খোলসা না করলেও অনুমান করা হচ্ছে রাশিয়া থেকে কেনা উন্নতমানের এস-৪০০ মিসাইল ব্যবহৃত হয়েছিল।
অমরপ্রীত সিংয়ের কথায়, ‘‘অপারেশন সিঁদুর ইতিহাসে স্থান পাবে। শল্যচিকিৎসার মতো নিখুঁত আঘাত, ন্যূনতম ক্ষয়ক্ষতি— সব মিলিয়ে এটি ছিল ১৯৭১-এর পর প্রথম প্রকাশ্যে আসা সর্ববৃহৎ অভিযান।’’ সেনা, নৌসেনা ও বায়ুসেনার যৌথ পরিকল্পনা এবং বাস্তবায়নকেই তিনি এর কৃতিত্ব দেন। তাঁর মন্তব্য ‘‘আমরা ছিলাম অভেদ্য আর সঠিক।’’
এই অভিযানে মিথ্যা খবর ও বিভ্রান্তির জাল ছড়ানো হয়েছিল বলে জানান বায়ুসেনা প্রধান। তাঁর কথায়, ‘‘ভুয়ো তথ্যের ভিড়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল দেশের সংবাদমাধ্যম। জনগণের মনোবল নষ্ট হতে দেয়নি তারা।’’
ভবিষ্যতের যুদ্ধের ধরন আলাদা হবে, তাই সমন্বিত প্রস্তুতির ওপর জোর দেন সিং। জানান, ‘‘আমরা আত্মনির্ভরতার পথে এগোচ্ছি। এলসিএ এমকে-১এ-র অর্ডার দেওয়া হয়েছে। এলসিএ এমকে-২ এবং ইন্ডিয়ান মাল্টি-রোল হেলিকপ্টার প্রকল্পও এগোচ্ছে। দেশীয় রাডার, সিস্টেম, উদ্ভাবন তৈরি হচ্ছে।’’ তবে প্রয়োজনে গুরুত্বপূর্ণ প্রযুক্তি বাইরে থেকেও সংগ্রহ করা হবে বলে জানান তিনি।
৮ অক্টোবর হিন্দন এয়ারবেসে হবে ৯৩তম বায়ুসেনা দিবস। তার আগে ৬ অক্টোবরের মহড়া রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিন বাহিনীর প্রধানরা। অপারেশন সিঁদুরের পতাকা নিয়ে উড়বে মি-১৭ হেলিকপ্টার। রাফাল, সু-৩০ এমকেআই, পরিবহণ বিমান, আকাশ মিসাইল সিস্টেম, রাডার এবং আধুনিক অস্ত্রশস্ত্রের প্রদর্শনী থাকছে।
এছাড়াও, এ বছর ১৮টি উদ্ভাবন প্রদর্শন করা হবে। গত এক বছরে আসাম, সিকিম, হিমাচল প্রদেশ, পাঞ্জাব-সহ একাধিক রাজ্যে মানবিক সাহায্য মিশনেও বায়ুসেনার ভূমিকা তুলে ধরেন বায়ুসেনা প্রধান।