সাত বছর পর ফের ইরান থেকে তেল আমদানি শুরু করল ভারত। হরমুজ প্রণালীর সঙ্কটের মাঝেই জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ কেন্দ্রের।

হরমুজ থেকে তেল কিনছে ভারত
শেষ আপডেট: 5 April 2026 11:33
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রাচ্যের অস্থিরতার মাঝেই বড় সিদ্ধান্ত। দীর্ঘ প্রায় সাত বছর পর ফের ইরান (Iran) থেকে তেল কিনছে ভারত (India)। হরমুজ প্রণালী (Strait of Hormuz) ঘিরে সরবরাহে বিঘ্নের জেরে এই পদক্ষেপ বলে জানাল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas)।
শনিবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যে (Middle East) সরবরাহে সমস্যার মধ্যে ভারতীয় রিফাইনারিগুলি (Indian Refiners) নিজেদের চাহিদা মেটাতে প্রয়োজনীয় কাঁচা তেল (Crude Oil) সংগ্রহ করেছে, যার মধ্যে ইরান থেকেও তেল কেনা হয়েছে। এই লেনদেনে কোনও পেমেন্ট সংক্রান্ত বাধা নেই।” উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসের পর থেকে মার্কিন চাপের (US Pressure) জেরে তেহরান থেকে তেল আমদানি বন্ধ ছিল।
গত মাসেই সরবরাহে ঘাটতি সামাল দিতে সাময়িকভাবে ইরানের তেল ও রিফাইন্ড পণ্যের উপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল যুক্তরাষ্ট্র (United States)। তার জেরেই নতুন করে এই বাণিজ্যের পথ খুলেছে বলে মনে করা হচ্ছে।
এদিন মন্ত্রক আরও স্পষ্ট করে জানায়, “ভারত আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় কাঁচা তেলের যোগান নিশ্চিত করেছে।” পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো একটি খবরও খারিজ করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছিল, ‘পেমেন্ট সমস্যার’ কারণে ইরানের একটি তেলের জাহাজ ভাদিনার (Vadinar) থেকে চিনে (China) ঘুরিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, এই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত।
তাদের দাবি, ভারত ৪০টিরও বেশি দেশ (40+ Countries) থেকে তেল আমদানি করে এবং সংস্থাগুলির কাছে বিভিন্ন উৎস থেকে তেল কেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে, যা সম্পূর্ণ বাণিজ্যিক বিবেচনার ভিত্তিতে নির্ধারিত হয়।
শুধু কাঁচা তেলই নয়, তরল পেট্রোলিয়াম গ্যাস (Liquefied Petroleum Gas) বা এলপিজি (LPG) ক্ষেত্রেও ইরানের উপর নির্ভরতা দেখা যাচ্ছে। প্রায় ৪৪,০০০ মেট্রিক টন ইরানি এলপিজি একটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজে করে আনা হয়েছে ভারতে। বুধবার সেটি ম্যাঙ্গালোর (Mangalore) বন্দরে ভিড়ে জ্বালানি খালাসের কাজ শুরু করেছে।
সব মিলিয়ে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানি নিরাপত্তা (Energy Security) বজায় রাখতে বিকল্প পথ খুঁজছে ভারত—এটাই স্পষ্ট।