মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক বসানোর পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও ২৫ শতাংশ জরিমানা চাপিয়েছেন।

ছবি - এআই
শেষ আপডেট: 23 August 2025 16:57
দ্য ওয়াল ব্যুরো: ভারতের (India) ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন প্রশাসন (America)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সিদ্ধান্তের পর ভারত-আমেরিকা সম্পর্কের টানাপড়েন শুরু হয়েছে। আর এই পরিস্থিতির মধ্যেই আমেরিকায় ডাক পরিষেবা (Postal Services) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি (New Delhi)। আগামী ২৫ অগস্ট থেকে এই পরিষেবা আপাতত বন্ধ হয়ে যাচ্ছে।
ডাক দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৫ অগস্ট থেকে আমেরিকায় পরিষেবা স্থগিত করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস-এর (US Customs) নিয়ম বদলানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দফতর।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক (Tariff) বসানোর পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও ২৫ শতাংশ জরিমানা চাপিয়েছেন। ফলে ভারতের রফতানি পণ্যের ওপর কার্যত ৫০ শতাংশ শুল্ক আরোপিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকার শুল্কনীতির পাল্টা হিসেবে এই সিদ্ধান্ত নিয়ে নয়াদিল্লি।
ডাক দফতর জানিয়েছে, মার্কিন শুল্ক দফতর (CBP) এখনও অনেক প্রক্রিয়া নির্ধারণ করতে পারেনি। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রগামী বিমান পরিবহণ সংস্থাগুলি ২৫ অগস্ট থেকে ডাকবাহী পণ্য নিতে পারবে না বলে জানিয়েছে।
এর ফলে ২৫ অগস্ট থেকে ডাক পরিষেবায় যুক্তরাষ্ট্রগামী চিঠি বা নথি এবং ১০০ ডলার পর্যন্ত মূল্যের উপহার বাদে কোনও জিনিস গ্রহণ করা হবে না। ডাক দফতর আশ্বাস দিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সব পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে। পরিষেবা দ্রুত স্বাভাবিক করতেও উদ্যোগ নেওয়া হবে।