মহিলার আরও দাবি, তিনি ছেলের নাম হিন্দু দেবতার নামে রাখতে চেয়েছিলেন। স্বামীর আপত্তিতে তাও সম্ভব হয়নি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 31 October 2025 12:03
দ্য ওয়াল ব্যুরো: স্বামী নাস্তিকতায় বিশ্বাসী। তিনি পুজো, ঠাকুর-দেবতায় বিশ্বাস করেন না। এই অভিযোগ নিয়ে উত্তরাখণ্ড হাই কোর্টে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন এক মহিলা।
মহিলার অভিযোগ, তাঁর স্বামী এতটাই ঈশ্বর অবিশ্বাসী যে ছেলের মুখের ভাতের অনুষ্ঠানে কোনও মাঙ্গলিক আচার পালন করতে দেননি। বাড়ি থেকে ঠাকুর দেবতার সমস্ত ছবি, মূর্তি ছড়িয়ে ফেলতে হয়েছে স্বামীর চাপে। মহিলার আরও দাবি, তিনি ছেলের নাম হিন্দু দেবতার নামে রাখতে চেয়েছিলেন। স্বামীর আপত্তিতে তাও সম্ভব হয়নি।
উত্তরাখণ্ড হাই কোর্টের বিচারপতি রবীন্দ্র মৈথানি এবং বিচারপতি অলক মাহড়ার ডিভিশন বেঞ্চ মামলাকারীকে বলেছেন, তাঁদের একমাত্র সন্তানের ভবিষ্যৎ নিয়ে আরও গভীরভাবে ভাবনা চিন্তা করতে। শনিবার মামলাটি ফের শুনানির জন্য উঠতে পারে। দুই বিচারপতির বেঞ্চ শনিবার মামলাকারী মহিলার স্বামীকেও আদালতে হাজির থাকতে বলেছে।
পুনম নামে ওই মহিলা উত্তরাখণ্ডের নৈনিতালের বাসিন্দা। তিনি পরিবার আদালতে প্রথমে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন। ওই আদালত মহিলার আরজি খারিজ করে দেয়। এরপর তিনি নৈনিতালের সেশন আদালতে মামলা করেন। নিম্ন আদালত আরজি মঞ্জুর করেনি।
দুটি আদালত ফিরিয়ে দেওয়ার পর মহিলা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য, তিনি সনাতন হিন্দু পরিবারে বেড়ে উঠেছেন। তিনি ঈশ্বর বিশ্বাসী এবং নিয়মিত পূজা পাঠ করতেন।