একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে উত্তেজনা ছড়ায় প্রথমে। তারপরে গোটা গ্রাম ও আশপাশের এলাকাতেও তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস চালাতে হয়েছে।

হিংসা যাতে আর না ছড়িয়ে পড়তে পারে সেই লক্ষ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
শেষ আপডেট: 1 August 2025 18:12
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের পুণের দাউন্দ তহসিলের একটি গ্রামে শুক্রবার বিকেলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযোগ, একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে উত্তেজনা ছড়ায় প্রথমে। তারপরে গোটা গ্রাম ও আশপাশের এলাকাতেও তা আগুনের মতো ছড়িয়ে পড়ে। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস চালাতে হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি সম্প্রদায়ের অনলাইনে একটি আপত্তিজনক পোস্ট শেয়ার করলে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। একপক্ষ অন্য পক্ষের ঘরবাড়ি ভাঙচুর করে, ইট-পাথর ছোড়াছুড়ি শুরু হয়। বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। উন্মত্ত গ্রামবাসীরা একে অপরের ধর্মীয় কাঠামো ভেঙেচুরে দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। হিংসা যাতে আর না ছড়িয়ে পড়তে পারে সেই লক্ষ্যে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, ইয়াবত রেল স্টেশনের কাছে নীলকণ্ঠেশ্বর শিবমন্দিরে শিবাজি মহারাজের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে গত ২৬ জুলাই বিতর্কের সূত্রপাত। তারপর থেকেই হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের সম্প্রীতির সহাবস্থানে থাকা গ্রামে উত্তেজনা চড়তে থাকে। এদিন এক যুবকের সোশ্যাল মিডিয়ায় পোস্টকে কেন্দ্র করে পরস্পরের মধ্যে মারামারি শুরু হয়। পুলিশ যখন ওই যুবককে আটক করে গ্রামের মোড়ল ও প্রবীণদের ডেকে সমস্যা মেটানোর বৈঠক করছিল থানায়, তখনই গ্রামবাসীরা রাস্তায় নেমে আসে।