উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেল স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। রেললাইন পার হতে গিয়ে কাটা পড়ে মৃত্যু একাধিক যাত্রীর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোক প্রকাশ করে দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্য শুরু করার নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনাস্থলের ছবি
শেষ আপডেট: 5 November 2025 11:36
দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জাপুর জেলার চুনার রেলস্টেশনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রেললাইন পার হতে গিয়ে কাটা পড়লেন বহু যাত্রী। কারও পরিচয় এখনও পাওয়া যায়নি। ঠিক কতজনের মৃত্যু হয়েছে আর কতজন আহত সেবিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, স্টেশনে তখন ভিড় ছিল যথেষ্ট। অনেকেই রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা। আচমকা ট্রেন এসে পড়ায় কিছু বুঝে ওঠার আগেই কাটা পড়েন অনেকে।
ঘটনার খবর ছড়াতেই এলাকাজুড়ে চাঞ্চল্য। দ্রুত উদ্ধারকাজে নামে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের শনাক্তকরণের কাজ শুরু হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়েই পদক্ষেপ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করেছেন এবং আহতদের আরোগ্য কামনা করেছেন। প্রশাসনকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার ও ত্রাণ কার্য চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে ইতিমধ্যেই এসডিআরএফ ও এনডিআরএফ টিম পাঠানো হয়েছে। ট্রেন আসবে আগে থেকে জানানো হয়েছিল না হুট করে লাইনে চলে এসেছিল, এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।