প্রবল তুষারপাত ও ঠান্ডায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মানালি, কুলু ও লাহুল-স্পিতিতে দীর্ঘ যানজটে আটকা পর্যটকরা, বন্ধ ৬৮৫টি রাস্তা, হোটেল শতভাগ ভর্তি।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 January 2026 10:20
দ্য ওয়াল ব্যুরো: প্রবল তুষারপাতে কার্যত বিপর্যস্ত হিমাচল প্রদেশের (Himachal Pradesh) শৈলশহরগুলি। বরফে ঢেকে গিয়েছে রাস্তাঘাট, থমকে দাঁড়িয়েছে যান চলাচল। ঘণ্টার পর ঘণ্টা ধরে সার বেঁধে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য গাড়ি (Snowfall Road Closure)। পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে হোটেলগুলি। এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্ভোগে হিমাচলের জনপ্রিয় পর্যটনকেন্দ্র মানালি।
সূত্রের খবর, কোঠি থেকে মানালি যাওয়ার পথে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ অংশ জুড়ে ভয়াবহ ট্র্যাফিক জ্যাম তৈরি হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, রাজ্য জুড়ে তুষারপাতের জেরে মোট ৬৮৫টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে। ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা সপ্তাহান্তের ছুটিতে বহু পর্যটক মানালিতে ভিড় জমিয়েছিলেন। ঠিক সেই সময়েই শুরু হয় তুষারপাত ও বৃষ্টিপাত। এর সঙ্গে পাল্লা দিয়ে একধাক্কায় নেমে গিয়েছে তাপমাত্রাও।
প্রতিকূল আবহাওয়ার কারণে হোটেল থেকে বেরোতে পারছেন না বহু পর্যটক। ফলে মানালির হোটেলগুলি প্রায় শতভাগ ভর্তি হয়ে গিয়েছে। জায়গার অভাবে অনেক পর্যটকই বাধ্য হয়ে কুলুর দিকে রওনা দিচ্ছেন। তবে সেখানেও স্বস্তি নেই। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় যাতায়াত ক্রমশ কঠিন হয়ে উঠছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, তুষারপাতের কারণে হিমাচলের বিভিন্ন জেলায় একাধিক রাস্তা বন্ধ রয়েছে। এর মধ্যে লাহুল-স্পিতিতে ২৯২টি, চাম্বায় ১৩২টি, মান্ডিতে ১২৬টি, কুলুতে ৭৯টি, সিরমউরে ২৯টি, কিন্নরে ৪টি, উনাতে ২টি এবং সোলানে ১টি রাস্তা পুরোপুরি বন্ধ। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই ট্র্যাফিক জ্যাম শনিবার রাত পর্যন্ত কাটেনি। হাজার হাজার পর্যটক এখনও গাড়িতেই আটকে রয়েছেন বলে খবর।
এই পরিস্থিতিতে হিমাচল প্রদেশ সরকারের তরফে শনিবারই সতর্কবার্তা জারি করা হয়েছে। জানানো হয়েছে, আগামী ২৮ জানুয়ারি, বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে আবহাওয়া এমনই প্রতিকূল থাকবে। প্রায় চার মাস পর ফের তুষারপাতের সাক্ষী হয়েছে হিমাচল। সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে কিন্নর জেলা এবং সিমলার একাধিক এলাকা।
আবহাওয়া দফতরের মতে, ভূমধ্যসাগর এলাকায় তৈরি হওয়া পশ্চিমী ঝঞ্ঝা রবিবার পর্যন্ত সক্রিয় থাকবে। এর প্রভাবেই মান্ডি, সোলান, কাংড়া, বিলাসপুর-সহ রাজ্যের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।