বিস্ফোরণের শব্দ এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা শোনা গেছে (Punjab railline blast)। মালগাড়ির ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 24 January 2026 23:42
দ্য ওয়াল ব্যুরো: সাধারণতন্ত্র দিবসের (Republic Day) আগে পাঞ্জাবের রেললাইনে শুক্রবার ভয়াবহ বিস্ফোরণে গোটা এলাকা কেঁপে উঠেছিল (Punjab Blast)। ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ স্টেশনের কাছে গতকাল রাতে আচমকা একটি বিস্ফোরণ ঘটে। তীব্রতা এতটাই বেশি ছিল যে রেললাইনের প্রায় ১৫ ফুট অংশ উড়ে যায়। ওই সময়েই লাইন দিয়ে আসছিল একটি মালগাড়ি, যা বিস্ফোরণের জেরে লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় মালগাড়ির চালক আহত হয়েছেন। তদন্তে নেমে এই ঘটনায় খলিস্তানি যোগ (Khalistani Linked) সন্দেহ করছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গেছে, বিস্ফোরণ ঘটানোর জন্য আরডিএক্স (RDX) ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের শব্দ এতটাই ভয়াবহ ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা শোনা গেছে (Punjab railline blast)। মালগাড়ির ইঞ্জিন দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ও রেলের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও অনুসন্ধানকারীদের প্রাথমিক অনুমান, সাধারণতন্ত্র দিবসের আগে নাশকতার ছক হতে পারে। যদিও তদন্ত এখনও চলছে, তবে একটি সূত্রের দাবি, বিস্ফোরণের পেছনে খলিস্তানপন্থীদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।
সোশ্যাল মিডিয়ায় খলিস্তান জিন্দাবাদ ফোর্সের (Khalistani Zindabad Force) নামে একটি চিঠি ঘুরে বেড়াচ্ছে, যেখানে লেখা রয়েছে, 'এটা তো শুধু একটা ট্রেলার ছিল...।' তদন্তকারীদের অনুমান, পাঞ্জাবের বিস্ফোরণের সঙ্গে এই চিঠির যোগসূত্র রয়েছে। এরপরই দেশজুড়ে নিরাপত্তা বাড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে বলেও খবর।
স্থানীয় প্রশাসন ও রেল কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং যাত্রী ও এলাকাবাসীকে বিপদ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ বিস্ফোরণের সত্যতা ও এর নেপথ্যের তথ্য উদ্ঘাটনের চেষ্টা করছে, এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঘটনাটি সাধারণতন্ত্র দিবসের আগে সুরক্ষা ব্যবস্থায় চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও প্রশাসন আশ্বাস দিয়েছে যে, রেল সুরক্ষা ও নিরাপত্তা জোরদার করা হচ্ছে যাতে ভবিষ্যতে এমন কোনও দুর্ঘটনা না ঘটে।