জম্মু ও কাশ্মীরে প্রবল তুষারপাতের সুযোগ নিয়ে লুকিয়ে ছিল জইশ জঙ্গি, কাঠুয়ায় নিকেশ করল নিরাপত্তাবাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, এলাকায় জোরদার তল্লাশি অভিযান চলছে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 January 2026 21:17
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া (Kathua) জেলায় ফের বড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। শুক্রবার বিলাওয়ার (Billawar) এলাকায় যৌথ অভিযানে গুলির লড়াইয়ে খতম হল পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad)-এর এক কমান্ডার। নিহতের নাম উসমান। জম্মু রেঞ্জের আইজি ভীম সেন টুটি (Bhim Sen Tuti) এই তথ্য নিশ্চিত করেছেন।
বিলাওয়ারের একটি এলাকায় জঙ্গির উপস্থিতির খবর পেয়ে যৌথ অভিযান শুরু করে জম্মু ও কাশ্মীর পুলিশ (J&K Police), ভারতীয় সেনা (Indian Army) এবং সিআরপিএফ (CRPF)। অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গির গুলির লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ওই পাকিস্তানি জইশ জঙ্গিকে নিকেশ করে পুলিশ।
এই ঘটনার পর জম্মু পুলিশ (Jammu Police) এক্স (X)-এ জানায়, “বিলাওয়ার এলাকায় ছোট একটি জেকেপি দলের নেতৃত্বে সেনা ও সিআরপিএফের সঙ্গে যৌথ অভিযানে এক পাকিস্তানি জইশ জঙ্গিকে খতম করা হয়েছে।” নিহত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্র ও গোলাবারুদ। তার মধ্যে রয়েছে একটি এম-৪ অটোমেটিক রাইফেল (M4 automatic rifle)।
এর আগে কাঠুয়া জেলায় তিনটি জঙ্গি ডেরা গুঁড়িয়ে দেয় নিরাপত্তাবাহিনী। বিলাওয়ার এলাকায় ওই অভিযানের সময় দু’দফা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষও হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তখন কয়েক জন জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ ও নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, কামাদ নাল্লাহ (Kamaad Nallah), কালাবান (Kalaban) এবং ধানু পারোল (Dhanu Parole) জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়। সেই অভিযানের সময় জঙ্গিরা গুলি চালালে পাল্টা গুলি চালায় বাহিনী। রাতভর চলে সেই গুলির লড়াই।
এদিকে, চলতি সন্ত্রাসদমন অভিযানের অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার কাঠুয়া জেলায় যান সেনার নর্দান কমান্ডার (Northern Army Commander) লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা (Pratik Sharma)। তাঁর সঙ্গে ছিলেন হোয়াইট নাইট কোরে (White Knight Corps)র জিওসি লেফটেন্যান্ট জেনারেল পি কে মিশ্র (P K Mishra) এবং রাইজিং স্টার কোরে (Rising Star Corps)র জিওসি লেফটেন্যান্ট জেনারেল রাজন শরাবত (Rajan Sharawat)। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে জঙ্গি দমনে অভিযানে আরও জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।