আগের দিনের অভিযানের সূত্র ধরেই এই সাম্প্রতিক সংঘর্ষ। যে তথ্য এসেছে, তাতে এখন পর্যন্ত ৭ জন মাওবাদীর মৃত্যু নিশ্চিত হয়েছে। পরিচয় যাচাইয়ের কাজ চলছে।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 November 2025 11:30
দ্য ওয়াল ব্যুরো: কুখ্যাত মাওবাদী নেতা (Maoist Leader) মাদ্ভী হিডমাকে (Madvi Hidma) নিকেশ করতে সক্ষম হয়েছে নিরাপত্তাবাহিনী। আর এই ঘটনার এক দিনের মধ্যে ফের বড় সাফল্য পেল তারা। নতুন অভিযানে সাত জন মাওবাদী খতম হয়েছে। তাদের মধ্যে তিন জন মহিলা বলেও খবর।
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) অলুরি সীতারামা রাজু (ASR) জেলার মারেদুমিল্লির গভীর জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়েছিল। তাতেই সাতজন নিকেশ হয়েছে। বুধবার বিজয়ওয়াড়ায় এক সাংবাদিক বৈঠকে রাজ্যের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মহেশ চন্দ্র লাড্ডা জানান, আগের দিনের অভিযানের সূত্র ধরেই এই সাম্প্রতিক সংঘর্ষ। যে তথ্য এসেছে, তাতে এখন পর্যন্ত ৭ জন মাওবাদীর (Maoists) মৃত্যু নিশ্চিত হয়েছে। পরিচয় যাচাইয়ের কাজ চলছে।
সূত্রের খবর, মৃতদের মধ্যে ইতিমধ্যেই যাকে শনাক্ত করা গেছে, তিনি মেটুরি জোখা রাও, দলীয় নাম ‘টেক’ শঙ্কর (Tech Shankar)। তিনি শ্রীকাকুলামের বাসিন্দা। অন্ধ্র–ওড়িশা সীমান্ত অঞ্চলে (AOB) এরিয়া কমিটি মেম্বারের দায়িত্বে ছিলেন তিনি। প্রাথমিক তদন্ত বলছে, অস্ত্র তৈরি, প্রযুক্তিগত অপারেশন ও যোগাযোগ ব্যবস্থায় তাঁর ছিল বিশেষ দক্ষতা।
লাড্ডা আরও জানান, হিডমা-সহ ছয় জন মাওবাদীর মৃত্যুর পর যে গোয়েন্দা তথ্য পাওয়া যায়, তা খতিয়ে দেখেই বুধবার নতুন করে অভিযান চালায় যৌথ বাহিনী। গত কয়েক দিনে চন্দ্রপুর, কৃষ্ণা, কাকিনাডা, কোনাসীমা ও এলুরু জেলা মিলিয়ে মোট ৫০ জন মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে—অন্ধ্রপ্রদেশে যা এখন পর্যন্ত সবচেয়ে বড় গ্রেফতার অভিযানের রেকর্ড।
মারেদুমিল্লির জঙ্গল থেকে উদ্ধার হয়েছে বিশাল অস্ত্রভান্ডার—৪৫টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ২৭২ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, প্রায় ৭৫০ গ্রাম তার এবং আরও কিছু উপকরণ। গোয়েন্দাদের দাবি, ছত্তীসগড় থেকে মাওবাদী দলের গতিবিধি দীর্ঘদিন ধরেই নজরে রাখা হচ্ছিল। তাঁদের চলাফেরা, লুকোনোর জায়গা ও যোগাযোগের তথ্য মিলতেই বুধবার ভোরে শুরু হয় এই অপারেশন।
অভিযানের আরও বিশদ বিবরণ এখনও পাওয়া যায়নি। নিরাপত্তাবাহিনী তল্লাশি চালাচ্ছে গোটা জঙ্গলজুড়ে, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আরও অস্ত্র বা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হতে পারে।
এদিকে হিডমা সম্পর্কে জানা গেছে, তিনি ১৯৮১ সালে মধ্যপ্রদেশের সুকমায় জন্মেছিলেন। দ্রুতই সিপিআই (মাওবাদী)-র নেতৃত্ব দিতে শুরু করেন। পিপলস লিবারেশন গেরিলা আর্মির একটি ব্যাটালিয়নের দায়িত্বে থেকে তিনি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য এবং বস্তার অঞ্চলের একমাত্র আদিবাসী প্রতিনিধি। তাঁর মাথার দাম ছিল ৫০ লক্ষ টাকা। সূত্রের খবর, এনকাউন্টারে তাঁর স্ত্রী রাজে ওরফে রাজাক্কাও (Raje alias Rajakka) নিহত হয়েছেন।