তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের জনসভায় আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে (Tamil Nadu Stampede)।

ভাইরাল ভিডিও
শেষ আপডেট: 28 September 2025 08:36
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় এক মর্মান্তিক দুর্ঘটনা সাক্ষী থেকেছে তামিলনাড়ু। অভিনেতা-নেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৮ জনের (Stampede at Vijay Rally)। যাঁদের মধ্যে রয়েছেন শিশু থেকে শুরু করে একাধিক মহিলারাও। এই সংক্রান্ত একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তবে একটি ভিডিও সকলের চোখে জল এনে দিয়েছে।
মৃত ছেলেকে কোলে নিয়ে হাউ হাউ করে কাঁদছে একজন অসহায় বাবা। জনসভায় পদপিষ্ট (Tamil Nadu Stampede) হয়ে মৃত্যু হয়েছে শিশুটির। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাঁর ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের ভিতর ছুটে আসছেন। চিকিৎসকদের কাছে সাহায্য চাইছেন। উপস্থিত সকলে তাঁকে শান্ত করার চেষ্টা করেন (ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)।
A father carrying his dead son, who was killed in the stampede at actor Vijay's rally in #Karur
Actor Vijay, without meeting anyone, flew away in a private jet with his security. pic.twitter.com/oxzlggVkCc— Yanika_Lit (@LogicLitLatte) September 27, 2025
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় বিজয়ের জনসভায় আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩৮ জনের মৃত্যুর খবর সামনে এসেছে (Tamil Nadu Stampede)। অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে। কেউ কেউ সভাস্থলেই হুড়োহুড়ির মাঝে জ্ঞান হারান। হাসপাতালের চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সভায় প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা এত মানুষের উপস্থিতি আঁচ করতে পারেননি। বিজয় মঞ্চে উঠতেই ভিড় আরও বেড়ে যায় এবং বিশৃঙ্খলতা দেখা যায়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil Nadu CM MK Stalin) জানিয়েছেন, পরিস্থিতি যাচাই ও দোষীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান।
টিভিকে দলের প্রধান বিজয় এই ঘটনায় প্রথমবার মুখ খুলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি।' মৃতদের পরিবারদের প্রতি তাঁর গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।
পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও।