জানা যাচ্ছে, বিজয়ের জনসভায় প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির হন প্রায় ৬০ হাজার মানুষ।

ছবি সংগৃহীত।
শেষ আপডেট: 28 September 2025 06:49
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুর কারুরে অভিনেতা তথা টিভিকে প্রতিষ্ঠাতা বিজয়ের জনসভায় শনিবার রাতের পদপিষ্টের ঘটনায় (Stampede at Vijay Rally) এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা বেড়ে ৩৯। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৬ জন মহিলা ও ৮ জন শিশু। বহু মানুষ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও গভীর উদ্বেগ প্রকাশ করে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর আজ রবিবার ঘটনাস্থলে যাচ্ছন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে পুরো ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন তদন্ত কমিশন ও ক্ষতিপূরণ এর ঘোষণা করেছেন। এক বিবৃতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানান, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য সেরা চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পদপিষ্টের ঘটনায় হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশন-এর নেতৃত্বে এক সদস্যের কমিশন গঠন করা হয়েছে।
জানা যাচ্ছে, বিজয়ের জনসভায় প্রাথমিক ভাবে ৩০ হাজার মানুষের অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত হাজির হন প্রায় ৬০ হাজার মানুষ। গরমে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, বিজয়ের সভায় প্রায় ছ’ঘণ্টা দেরি হয়। বিকেল থেকে অপেক্ষমাণ ভিড় সন্ধ্যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিজয় বক্তৃতা শুরু করতেই মঞ্চের দিকে একসঙ্গে ছুটতে থাকেন হাজারো সমর্থক। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। অনেকে পড়ে গিয়ে পদপিষ্ট হন। শিশুরাও ছিটকে যায় অভিভাবকদের থেকে।
বিজয় বক্তৃতা মাঝপথেই বন্ধ করে আহতদের উদ্ধারে উদ্যোগ নেন। পুলিশ ও প্রশাসনের তৎপরতায় দ্রুত হাসপাতালে পাঠানো হলেও বহু মানুষের মৃত্যু হয়।
এই মর্মান্তিক ঘটনায় বড় প্রশ্ন উঠেছে—মাত্রাছাড়া ভিড়ই কি একমাত্র কারণ, নাকি নিরাপত্তা ও জনসভা ব্যবস্থাপনায় ভয়াবহ ত্রুটি ছিল?
রাজ্যের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, গোটা ঘটনায় গাফিলতি স্পষ্ট। কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটল তা উচ্চপর্যায়ে তদন্তের পরই বলা যাবে।