সরকারি সূত্রে জানা গেছে, তদন্ত কমিশন পদপিষ্টের কারণ, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখবেন। কমিশন তার রিপোর্ট জমা দেওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 September 2025 00:28
দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণী অভিনেতা তথা টিভিকে নেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে (Stampede at Vijay Rally)। আহত বহু ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। এই ঘটনায় এবার তদন্ত কমিশন গঠন করল তামিলনাড়ু সরকার (Tamil Nadu Stampede)। কমিশনের সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান। অন্যদিকে, দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিজয়।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (Tamil Nadu CM MK Stalin) জানিয়েছেন, পরিস্থিতি যাচাই ও দোষীদের শনাক্ত করতে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশান।
টিভিকে দলের প্রধান বিজয় এই ঘটনায় প্রথমবার মুখ খুলেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি।' মৃতদের পরিবারদের প্রতি তাঁর গভীর সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেছেন।
দুর্ঘটনার পরই শনিবার রাতে চেন্নাইতে অবতরণ করেছে বিজয়ের বিমান। সেখানে তিনি সরাসরি ঘটনার পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কারুরে জনসভায় হতাহতের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে রাজ্য সরকার দ্রুত সহায়তা ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, 'এই ধরনের ঘটনা এড়াতে আমরা প্রশাসনিক দিক শক্তিশালী করতে বদ্ধপরিকর।'
সরকারি সূত্রে জানা গেছে, তদন্ত কমিশন পদপিষ্টের কারণ, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো খতিয়ে দেখবেন। কমিশন তার রিপোর্ট জমা দেওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এই ঘটনায় পুরো রাজ্য শোকের আবহে আছে। রাজনৈতিক ও সাধারণ জনগণ আহতদের দ্রুত আরোগ্য কামনা করছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।
কী ঘটেছিল?
এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। কেউ কেউ সভাস্থলেই হুড়োহুড়ির মাঝে জ্ঞান হারান। হাসপাতালের চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সভায় প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা এত মানুষের উপস্থিতি আঁচ করতে পারেননি। বিজয় মঞ্চে উঠতেই ভিড় আরও বেড়ে যায় এবং বিশৃঙ্খলতা দেখা যায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। টুইট বার্তায় তিনি লেখেন, রাজনৈতিক সভায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।