শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন।
.jpg.webp)
ফাইল চিত্র
শেষ আপডেট: 28 September 2025 00:23
দ্য ওয়াল ব্যুরো: তামিলনাড়ুতে নেতা-অভিনেতা বিজয়ের রাজনৈতিক জনসভায় (Vijay's Rally In Tamilnadu) মর্মান্তিক পদপিষ্টের ঘটনা, প্রাণ হারিয়েছেন অন্তত ৩৮ জন। হুড়োহুড়ি শুরু হতেই (Stampede-like Situation) বক্তৃতা মাঝপথে থামাতে বাধ্য হন বিজয়। আতঙ্কিত জনতার ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। বহু মানুষ আহত হয়েছেন, অনেকে এখনও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি।
শনিবার এই ঘটনা ঘটে টিভিকে (Tamilaga Vettri Kazhagam) দলের এক জনসভায়। বিজয়ের এই সভা ছিল কারুরে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, অতিরিক্ত ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে। কেউ কেউ সভাস্থলেই হুড়োহুড়ির মাঝে জ্ঞান হারান। হাসপাতালের চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার রাত ৯টা পর্যন্ত অন্তত ৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঘটনার উপর নজর রাখছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। টুইট বার্তায় তিনি লেখেন, রাজনৈতিক সভায় এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
জানা গিয়েছে, বিজয় যখন বক্তৃতা দিচ্ছিলেন, তখন তিনি ডিএমকে-র প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজীকে নিয়ে সমালোচনা করছিলেন। সেই সময়েই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সভায় প্রত্যাশার তুলনায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা এত মানুষের উপস্থিতি আঁচ করতে পারেননি। বিজয় মঞ্চে উঠতেই ভিড় আরও বেড়ে যায় এবং অস্থিরতা শুরু হয়। হুড়োহুড়ির ফলে কয়েক জন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন, কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। খোঁজখবর রাখছেন তিনি। আগামিকাল ঘটনাস্থলেও যেতে পারেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, এর আগেও অনুরূপ ঘটনা ঘটেছে। গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছিল। আহত হন আরও কয়েক জন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আল্লু অর্জুনও। পরে তাঁকে গ্রেফতার করা হয়, যদিও আদালত জামিন দেয়।