কল্যাণীর এইমস পরিদর্শন করে নয়া পরিষেবা চালুর কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বাংলার চিকিৎসা পরিকাঠামো আরও উন্নত করতে কেন্দ্র আন্তরিক বলে দাবি তাঁর।

জেপি নাড্ডা
শেষ আপডেট: 9 January 2026 21:36
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রাসায়নিক ও সার মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা শুক্রবার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) একাধিক গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিকাঠামোর উদ্বোধন করেছেন। এর ফলে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা ব্যবস্থা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হল বলে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে।
শুক্রবার রেডিয়েশন অনকোলজি বিভাগ, ট্রমা ও ইমার্জেন্সি মেডিসিন বিভাগ এবং একটি আধুনিক নিউম্যাটিক টিউব সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী, যা হাসপাতালের দক্ষতা বৃদ্ধিতে প্রভূত সাহায্য করবে ও রোগী পরিষেবার মানোন্নয়নে সহায়ক হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
অনুষ্ঠানে শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে নাড্ডা হাসপাতালের শীর্ষ আধিকারিক ও অধ্যাপকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেন কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে প্রতিষ্ঠানের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। তিনি বহির্বিভাগ (OPD) ও অন্তর্বিভাগ (IPD) ঘুরে দেখেন এবং পর্যবেক্ষণ করেন কীভাবে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। এ সময় তিনি রোগীদের সঙ্গেও কথাবার্তা বলে তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন।

কেন্দ্রীয় মন্ত্রী ছাত্রছাত্রী, স্বাস্থ্যকর্মী ও নার্সিং কর্মীদের সঙ্গেও মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ চিকিৎসক তৈরির ক্ষেত্রে শিক্ষাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণ ব্যবস্থার পর্যালোচনা করেন। পাশাপাশি, তিনি চিকিৎসক ও অধ্যাপকদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলোর সমাধানের আশ্বাস দেন।
এই পরিদর্শন পশ্চিমবঙ্গে জনস্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের ধারাবাহিক প্রচেষ্টা বলে জানানো হয়েছে। রোগী, ছাত্রছাত্রী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে তাঁর সরাসরি ও খোলামেলা মতবিনিময়ের মাধ্যমে এইমস, কল্যাণীর চিকিৎসা পরিষেবা, শিক্ষাগত উদ্যোগ এবং দৈনন্দিন কার্যক্রমের একটি সামগ্রিক উন্নয়নের চিত্র সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কেন্দ্রীয় মন্ত্রীর এই সফর পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবা জোরদার করা, জরুরি ও অনকোলজি বা ক্যানসার চিকিৎসা সংক্রান্ত পরিষেবার উন্নয়ন এবং উচ্চমানের শিক্ষা ও রোগীকেন্দ্রিক পরিষেবা সুনিশ্চিত করার ক্ষেত্রে সরকারের দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করেছে।