পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রের মধ্যে প্রথমে তর্কাতর্কি, তা থেকে পরে হাতাহাতি শুরু হয়।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 August 2025 14:19
দ্য ওয়াল ব্যুরো: ধারাল অস্ত্রের কোপে খুন হল দশম শ্রেণির এক পড়ুয়া। অভিযুক্ত ওই স্কুলেরই অষ্টম শ্রেণির এক ছাত্র। নৃশংস এই হত্যার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়, স্কুলে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, গুজরাতের আমদাবাদের খোকরা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই ছাত্রের মধ্যে প্রথমে তর্কাতর্কি, তা থেকে পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে, আর সেই সময় অষ্টম শ্রেণির ছাত্রটি সহপাঠীকে ধারাল অস্ত্র দিয়ে কোপায়। রক্তাক্ত অবস্থায় আহত ছাত্রকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চেষ্টা করেও চিকিৎসকরা প্রাণ বাঁচাতে পারেননি, চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দশম শ্রেণির ওই কিশোরের।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্কুলে ভিড় জমান অভিভাবক ও স্থানীয় মানুষজন। তাঁদের ক্ষোভ ফেটে পড়ে বিক্ষোভে। অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, উত্তপ্ত জনতার মারধরের শিকার হন স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষাকর্মীরা। পুলিশের উপস্থিতিতেই চলে ভাঙচুর। স্কুলের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা গাড়ি, মোটরবাইক ও বাসও রক্ষা পায়নি, ক্ষতিগ্রস্ত হয় একাধিক যানবাহন।
বাধ্য হয়ে লাঠিচার্জ শুরু করে পুলিশ। তবে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এবং তা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে, জানাচ্ছে সূত্র।
এই রক্তাক্ত ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসন স্কুল চত্বরে নিরাপত্তা বাড়িয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।