কর কাঠামোর ছাড় ঘোষণার অংশ হিসেবে বিমার প্রিমিয়ামের উপর এতকাল ধরে চেপে থাকা ১৮ শতাংশ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) কমে ৫ শতাংশে নামতে চলেছে।

বৃদ্ধ-বৃদ্ধা ও নতুন সংসার পাতা যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর!
শেষ আপডেট: 19 August 2025 12:45
দ্য ওয়াল ব্যুরো: বৃদ্ধ-বৃদ্ধা ও নতুন সংসার পাতা যুবক-যুবতীদের জন্য বিরাট সুখবর! বহু অনুনয়-বিনয়ে কাজ না হলেও, শেষমেশ ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির চাপে স্বাস্থ্যবিমা ও মেয়াদি বিমার প্রিমিয়ামে জিএসটি কমতে চলেছে। কর কাঠামোর ছাড় ঘোষণার অংশ হিসেবে বিমার প্রিমিয়ামের উপর এতকাল ধরে চেপে থাকা ১৮ শতাংশ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (GST) কমে ৫ শতাংশে নামতে চলেছে। সূত্রের খবর, সেটা শূন্য করার অর্থাৎ প্রিমিয়ামে কোনও জিএসটি লাগবে না, এমনও পন্থা খুঁজছে সরকার।
প্রবীণ বা বয়স্ক নাগরিকদের এক বিরাট অংশ প্রতিবছর স্বাস্থ্যবিমা করে থাকেন। শুধু তাঁরাই নন, যাঁদের চাকরি ক্ষেত্রে সেই সুবিধা দেওয়া হয় না, এমন অল্পবয়স্করাও স্বাস্থ্যবিমা বা চিকিৎসা বিমা করে থাকেন। এবং প্রতিবার প্রিমিয়ামে ১৮ শতাংশ হারে জিএসটি দিতে হয়। বহু সংগঠন থেকে ক্রমাগত সরকারের কাছে আর্জি যেতে থাকে যাতে এই কর খানিকটা অন্তত মকুব করা হয়। কিন্তু, এতকাল অর্থমন্ত্রক এবং জিএসটি কমিটি তা কানে তোলেনি।
ইংরেজি সংবাদমাধ্যমগুলির খবর, এবার চিকিৎসা বিমা কিংবা মেয়াদি বিমার উপর থেকে জিএসটি কমিয়ে ৫ শতাংশ কিংবা শূন্য করা হতে পারে। এর ফলে বিমার প্রতি মানুষের ঝোঁক আরও বাড়বে এবং আরও বেশি সংখ্যায় মানুষ বিমা ক্ষেত্রে প্রবেশ করবেন। আখেরে রাজস্ব আদায় আরও মসৃণ হবে।
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লার ভাষণে পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ইঙ্গিত দিয়েছিলেন। দেশের নাগরিকদের তিনি একে দেওয়ালি উপহার বলে ব্যাখ্যা করেন। একেবারে শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই অবস্থায় কেন্দ্রীয় সরকার বিমার প্রিমিয়ামে দীর্ঘ প্রতীক্ষিত জিএসটি একেবারে তুলে নেওয়ার কথা ভাবছে। যদি তা নাও হয়, তাহলে একেবারে ন্যূনতম স্তর অর্থাৎ পাঁচ শতাংশ করার চিন্তাভাবনায় আছে।
বিমা ক্ষেত্র থেকে জিএসটি ছাঁটাইয়ে সরকারের বছরে ১৭,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি হতে পারে। যদি একেবারেই প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে বিমা কোম্পানিগুলি ইনপুট ট্যাক্স ক্রেডিট থেকে বঞ্চিত হবে। যাতে তাদের অপারেটিং খরচ বৃদ্ধি পাবে। একটি তথ্য জানাচ্ছে, প্রবীণ নাগরিকরা যাঁরা স্বাস্থ্যবিমার জন্য ৫০,০০০ টাকা জমা দেন, তাঁদের ১৮ শতাংশ জিএসটি ধরে অতিরিক্ত ৯,০০০ টাকা দিতে হয়। ফলে সেটা পাঁচ শতাংশ হলে স্বভাবতই তাঁরা উপকৃত হবেন। উল্লেখ্য, দেশের বিমা ক্ষেত্র নিয়ন্ত্রক সর্বোচ্চ সংস্থা ইন্সিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (IRDAI) এই পদক্ষেপকে সমর্থন করে।