রাহুলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) আসলে বিহারে ভোট চুরির নতুন কায়দা।
.jpeg.webp)
রাহুল গান্ধী
শেষ আপডেট: 19 August 2025 08:36
দ্য ওয়াল ব্যুরো: বিহারের (Bihar) গয়ায় জনসভা থেকে নির্বাচনী কমিশনকে (Election Commission) কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সোমবার তিনি স্পষ্ট জানালেন, ভোট চুরি যদি প্রমাণিত হয়, তবে ইন্ডিয়া জোট (INDIA Bloc) ক্ষমতায় এলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের দুই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
রাহুলের অভিযোগ, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (Special Intensive Revision বা SIR) আসলে বিহারে ভোট চুরির নতুন কায়দা। তাঁর কথায়, “যেমন মোদীজি বিশেষ প্যাকেজের কথা বলেন, তেমনই নির্বাচন কমিশন বিহারের জন্য এনেছে বিশেষ প্যাকেজ এসআইআর। এর মানে নতুন ধরনের ভোট চুরি।”
তিনি আরও বলেন, “আজ কমিশন আমাকে হলফনামা দিতে বলছে, অথচ দেশ দেখেছে কীভাবে ভোট চুরি হয়েছে। সময় দিন, প্রতিটি লোকসভা ও বিধানসভা আসনে এই চুরি ধরে ফেলব।”
রাহুলের অভিযোগের নিশানায় সরাসরি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশি। তাঁর কটাক্ষ, “আজ মোদীজির সরকার আছে বলে বিজেপির হয়ে কাজ করছেন এই তিন কমিশনার। কিন্তু দিন আসবে, ইন্ডিয়া জোটের সরকার হবে। তখন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”
রবিবারই প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাহুলকে সাত দিনের মধ্যে প্রমাণ-সহ হলফনামা জমা দিতে নির্দেশ দেন। না হলে তাঁর অভিযোগকে ভিত্তিহীন বলে গণ্য করা হবে বলে স্পষ্ট জানায় কমিশন।
লোকসভা ভোটের ফল ঘোষণার পর থেকেই ভোট চুরির অভিযোগ তুলে আসছেন রাহুল এবং বিরোধী নেতারা। কমিশনের তরফে অবশ্য বারবার সেই অভিযোগ নস্যাৎ করে বলা হয়েছে, তা বিভ্রান্তিকর ও মিথ্যা।
বিহারে ভোটাধিকার যাত্রার দ্বিতীয় দিন আরজেডি নেতা তেজস্বী যাদবকে পাশে নিয়েই এই বিস্ফোরক মন্তব্য করলেন রাহুল গান্ধী। তাঁর দাবি, “বিহারের মানুষ বিজেপি এবং কমিশনকে একসঙ্গে বলে দেবে— এই মাটিতে ভোট চুরি চলবে না।”