ভারতকে চিন জানিয়ে দিল, তারা এদেশের উপর থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল।

চিনা বিদেশমন্ত্রী ওয়াং য়ি বর্তমানে দুদিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন।
শেষ আপডেট: 19 August 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের ঈর্ষা জাগিয়ে ভারত-চিন সম্পর্ক আরও মজবুত হল। হিন্দি-চিনি সম্পর্ক পুনরুদ্ধারে এক বিরাট মোচড় এসেছে। ভারতকে চিন জানিয়ে দিল, তারা এদেশের উপর থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রফতানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। গত মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং য়ি-এর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।
চিনা বিদেশমন্ত্রী ওয়াং য়ি বর্তমানে দুদিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন। সোমবার তাঁদের মধ্যে আলোচনায় য়ি আশ্বস্ত করেছেন জয়শঙ্করকে। তিনি জানান, ভারতের আর্জি অনুযায়ী বেজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই তিনটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী জাহাজে উঠতে শুরু করছে।
এর আগে ভারত এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রবল আপত্তি জানিয়েছিল। বিশেষত সার রফতানিতে নিষেধাজ্ঞায় রবি শস্যের মরশুমে ডাই-অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। এমনকী সুড়ঙ্গ খোঁড়ার মেশিন আসা বন্ধ করে দেওয়াতেও দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে ব্যাপক প্রভাব পড়ে। বিশেষ করে যেসব বিদেশি কোম্পানি সুড়ঙ্গ খোঁড়ার মেশিন তৈরি করতে চিনা যন্ত্রাংশ ব্যবহার করে।
আরেকটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী হল রেয়ার আর্থ মিনারেল। এর ফলে অটো ও ইলেকট্রনিক্স ক্ষেত্রে উৎপাদনের ব্যাপক ঘাটতি তৈরি করেছিল চিনা নিষেধাজ্ঞায়। চিন সে সময় নিরাপত্তা সংক্রান্ত ওজরআপত্তি তোলায় দ্বিপাক্ষিক সম্পর্কে মরচে ধরেছিল।
একদিকে, বাণিজ্য সম্পর্কে নতুন করে বাতি জ্বলে ওঠার পর আজ, মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। কেননা, জয়শঙ্কর-য়ি কথাবার্তায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন ও জমি আগ্রাসন নিয়ে মতানৈক্য মেটানোর কোনও আলোচনা হয়নি। এদিন বেলায় দুদেশের মধ্যে বিশেষ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা আছে। চিনা বিদেশমন্ত্রী ওয়াং সন্ধ্যায় দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। কারণ, মোদীর চিন সফরের আগে এই ধরনের সাক্ষাৎ প্রটোকলের মধ্যে পড়ে। এই সাক্ষাতে আমন্ত্রণকারী দেশ হিসেবে চিনা বিদেশমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বেজিং যাওয়ার কথা জানাবেন মোদীকে।