অন্তত রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।

ফাইল ছবি
শেষ আপডেট: 19 August 2025 10:25
দ্য ওয়াল ব্যুরো: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ (Weather Update) আরও শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুপুরের মধ্যে এই গভীর নিম্নচাপ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করতে পারে।
সমুদ্র ক্রমেই উত্তাল হওয়ায় উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। মৎস্যজীবীদের শুক্রবার, ২২ অগস্ট পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি
গভীর নিম্নচাপ সরাসরি আঘাত হানবে না পশ্চিমবঙ্গে, তবে এর পরোক্ষ প্রভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে অন্তত রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
দক্ষিণবঙ্গে মঙ্গলবার ও বুধবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা আরও বাড়বে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার ঝাড়গ্রাম, হাওড়া এবং দুই মেদিনীপুরের পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বর্ষণ নামতে পারে। রবিবারে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে।
উত্তরবঙ্গে বর্ষার দাপট
উত্তরবঙ্গের উপর পাঁচ জেলা— জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বুধবার থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বর্ষণ এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে শনিবার ও রবিবার থেকে বৃষ্টির প্রভাব কিছুটা কমতে পারে।
দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক বৃষ্টি
১৯ থেকে ২৩ অগস্টের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টি নামতে পারে। ওই জেলায় মোট বর্ষণের পরিমাণ পৌনে ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা। এর প্রভাব পড়বে কলকাতা শহরেও, বিশেষত দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া এলাকায়। কৌশিকী অমাবস্যা, অর্থাৎ ২৩ অগস্ট পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।