গ্যাংস্টার গোল্ডি ব্রারের গ্যাংয়ের এক শাগরেদ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিকাণ্ডে জড়িত ২ জনকে এনকাউন্টারে মারার বদলা নেবে বলে হুমকি দিয়েছে।

দিশা পাটানি। ফাইল ছবি।
শেষ আপডেট: 18 September 2025 16:04
দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার গোল্ডি ব্রারের গ্যাংয়ের এক শাগরেদ বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিকাণ্ডে জড়িত ২ জনকে এনকাউন্টারে মারার বদলা নেবে বলে হুমকি দিয়েছে। গোল্ডি ব্রারের অন্যতম সহযোগী রোহিত গোদারা বৃহস্পতিবার এই হুমকি দিয়েছে। সে বলেছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ক্ষমা করা হবে না। উল্লেখ্য, দিশা পাটানির বাড়ি লক্ষ্য করে গুলির ঘটনার পর রোহিতই দায় স্বীকার করেছিল। রবীন্দ্র ও অরুণ নামে দুজনকে গত বুধবার উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স গাজিয়াবাদে এনকাউন্টারে খতম করে। সেই মৃত্যুতে শোকপ্রকাশও করেছে রোহিত গোদারা।
সহযোগী দুজনকে শহিদ বলে ব্যাখ্যা করে ফেসবুক পোস্টে সে লিখেছে, ওদের মৃত্যুতে বিশাল ক্ষতি হয়েছে তাদের গ্যাংয়ের। হিন্দিতে লেখা পোস্টে সে দাবি করে, মুখের একদিক থেকে তোমরা সনাতন বলে চেঁচিয়ে মরো। আর সনাতনের জন্য যে মানুষ লড়াই করছে, তাদের গুলি করে মারো। এটা ঠিক নয়। যারাই এই কাজে যুক্ত ছিল, তারা যতই বড় ও শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমা নেই। যত সময় লাগুক, তাদের এই ক্ষতি মাশুল গুনতেই হবে।
দিশা পাটানির বাড়িতে হামলা চালানো দুই দুষ্কৃতী পুলিশের সঙ্গে সংঘর্ষে মারা যাওয়ার পর, তাদের কাছ থেকে তুরস্কে তৈরি জিগানা পিস্তল ও অস্ট্রিয়ার গ্লোক পিস্তল উদ্ধার হয়েছে। পুলিশ সূত্র জানিয়েছে, এই একই মডেলের জিগানা পাকিস্তান থেকে ভায়া নেপাল আকাশপথে ড্রোনের সাহায্যে পাচার করা হয়েছিল। শুধু তাই নয়, এর আগে এই ধরনেরই পিস্তল ব্যবহার করা হয়েছিল গ্যাংস্টার আতিক আহমেদ ও পাঞ্জাবি রকস্টার সিধু মুসেওয়ালা খুনের কাজে।
পুলিশ আরও জানিয়েছে, দিশা পাটানির বাড়িতে মোট পাঁচজন গুলি চালিয়েছিল। তারা সকলেই গোল্ডি ব্রার গ্যাংয়ের ছেলে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। তদন্তকারীদের মতে, জিগানা ও গ্লোক পিস্তল গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খুবই পছন্দের অস্ত্র।