মধ্যপ্রদেশের এক মন্দিরে বিষ্ণুমূর্তি পুনঃস্থাপন সংক্রান্ত মামলার শুনানিতে করা মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই।

বিআর গভাই
শেষ আপডেট: 18 September 2025 15:42
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি বিআর গভাইয়ের (Chief Justice BR Gavai) বিরুদ্ধেই ধর্মকে অপমান করার অভিযোগ উঠেছে! আর এই বিষয়টি নিয়ে নিজের মন্তব্যের সাফাইও দিয়েছেন তিনি।
মধ্যপ্রদেশের এক মন্দিরে (Madhya Pradesh Temple) বিষ্ণুমূর্তি (Lord Vishnu Deity) পুনঃস্থাপন সংক্রান্ত মামলার শুনানিতে করা মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন দেশের প্রধান বিচারপতি বিআর গাভাই। বৃহস্পতিবার তিনি বলেন, তাঁর মন্তব্য ভুলভাবে প্রচারিত হয়েছে এবং তিনি সব ধর্মকেই সমানভাবে শ্রদ্ধা করেন।

মঙ্গলবার জবারি মন্দিরে ৭ ফুট উচ্চতার একটি বিষ্ণুমূর্তি পুনঃস্থাপন চেয়ে দায়ের হওয়া মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, বিষয়টি প্রত্নতত্ত্ব দফতরের (ASI) এক্তিয়ারের মধ্যে পড়ে। সেই সময় প্রধান বিচারপতি আবেদনকারীকে বলেন, ''মামলাটি জনপ্রিয়তা পাওয়ার জন্যই করা হয়েছে। আপনি যদি বিষ্ণুভক্ত হন, তবে প্রার্থনা করুন, মূর্তি নিজেই তার ব্যবস্থা করে নেবে!'' এই মন্তব্যই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সমালোচনার ঝড় ওঠে।
অনেকে অভিযোগ করেন, প্রধান বিচারপতির করা এই মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। কারও কারও মতে, এমন মন্তব্যের জন্য প্রধান বিচারপতির পদত্যাগ করা উচিত।
বৃহস্পতিবার আরেক মামলার শুনানিতে প্রধান বিচারপতি স্পষ্ট করে বলেন, ''আমার মন্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। আমাকে কেউ বলেছেন সেটি নাকি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমি স্পষ্টত বলতে চাই, সব ধর্মকে সম্মান করি।''
এদিন আদালতে বিষয়টি নিয়ে মতামত দেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ও প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। মেহতা বলেন - আগে আমরা নিউটনের সূত্র পড়তাম, প্রতিটি ক্রিয়ার সমান প্রতিক্রিয়া হয়। এখন সময় এমন যে, প্রতিটি ঘটনায় অযৌক্তিকভাবে অতিরঞ্জিত প্রতিক্রিয়া দেওয়া হয়।
অন্যদিকে, কপিল সিব্বলের মন্তব্য, 'আমরা প্রতিদিন এমন নানা বিষয়ে ভুগি। সোশ্যাল মিডিয়া একটি অশান্ত জায়গা, একে বশে আনার উপায় নেই।''
এদিকে, প্রধান বিচারপতির মন্তব্য ঘিরে বিতর্ক বাড়তে থাকায় কয়েকজন আইনজীবী তাঁর কাছে লিখিতভাবে অনুরোধ জানান, তিনি যেন বিষয়টি স্পষ্ট করেন এবং তাঁর মন্তব্য প্রত্যাহার করেন। যদিও এখনও এমন কিছু করেনি দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। বরং তিনি তাঁর মন্তব্যে অনড়।