রোগীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ক্যামেরার সামনেই চিকিৎসককে সাসপেন্ড করলেন গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত সরাসরি হস্তক্ষেপ করে সেই সিদ্ধান্ত বাতিল করেছেন। চিকিৎসক মহল ও বিরোধীরা ক্ষুব্ধ।

গোয়ার হাসপাতালে চিকিৎসককে সাসপেন্ড করছেন স্বাস্থ্যমন্ত্রী।
শেষ আপডেট: 9 June 2025 12:19
দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক রোগীর সঙ্গে দুর্ব্যবহার করছেন, এমনই অভিযোগ পেয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। তার জেরে, তিনি নিজে হাসপাতালে গিয়ে, অন-ক্যামেরা প্রকাশ্যে ধমক দিয়ে সাসপেন্ড করলেন ডাক্তারকে। গোয়ার হাসপাতালের এই ঘটনায় তীব্র বিতর্ক ছড়িয়েছে সব মহলে। ঘটনার ভিডিওটি ভাইরাল হতেই মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত হস্তক্ষেপ করে গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানের সিদ্ধান্ত বাতিল করেন। চিকিৎসককে এভাবে হেনস্থা করার ঘটনায় অভিযোগ উঠেছে, ক্ষমতার অপব্যবহার করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর বিরুদ্ধে গলা তুলেছে চিকিৎসক মহল ও বিরোধীরা।
শনিবার গোয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (GMCH হাসপাতালে হঠাৎ পৌঁছে যান স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে। খোঁজ করেন, সিএমও কোথায়। তাঁকে ডেকে পাঠিয়ে, সবার সামনে চড়া গলায় ধমক দেন মন্ত্রী। সিএমও কিছু বলতে গেলেও শুনতে চাননি। আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ না দিয়েই সাসপেন্ড করে দেন তাঁকে। অভিযোগ, এক সাংবাদিকের ফোন পেয়ে তিনি জানতে পারেন, ক্যাজুয়ালটি ওয়ার্ডের এক চিকিৎসক রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন ও সঠিকভাবে চিকিৎসা করেননি।
ভিডিওতে দেখা যায়, রুদ্রেশ কুট্টিকর নামে ওই চিকিৎসককে মন্ত্রী বলেন, 'আপনি আপনার কথা নিয়ন্ত্রণ করতে শিখুন। যতই চাপ থাকুক, রোগীর সঙ্গে ভদ্রভাবে আচরণ করা আপনার কর্তব্য।' এরপরই ক্যামেরার সামনেই নির্দেশ দেন, 'এখনই এঁকে সাসপেন্ড করুন।'
What kind of arrogance of power is this with camera in tow? pic.twitter.com/dr27wLiJzG
— Priyanka Chaturvedi🇮🇳 (@priyankac19) June 8, 2025
তবে এর পরে রবিবার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক্স-এ লিখে জানান, ডক্টর রুদ্রেশ কুট্টিকরকে সাসপেন্ড করা হচ্ছে না। তিনি বলেন, 'আমি গোয়ার জনগণকে আশ্বস্ত করতে চাই, আমাদের চিকিৎসকরা নিবেদিতপ্রাণ। আমরা তাদের সম্মানের সঙ্গে কাজ করার পরিবেশ নিশ্চিত করব।'

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (IMA) গোয়া শাখা এক প্রেস বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা জানায়। তাদের দাবি, 'একজন চিকিৎসককে প্রকাশ্যে অপমান ও মানসিক নির্যাতন, চিকিৎসা জগতের জন্য অপমানজনক। ওই মন্ত্রীর আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।'
গোয়া কংগ্রেসের সভাপতি অমিত পাটকর বলেন, 'এই ঘটনা গোয়ার স্বাস্থ্যব্যবস্থার সকল সদস্যের প্রতি অপমান। বিশ্বজিৎ রানে ক্ষমতার দম্ভে চিকিৎসকদের অসম্মান করেছেন। তিনি গোয়ার সবচেয়ে অহঙ্কারী ও দুর্নীতিগ্রস্ত মন্ত্রী।'
জাতীয় কংগ্রেস দলের এক পোস্টে বলা হয়েছে, 'এই অপমান কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি চিকিৎসকদের প্রতি দীর্ঘদিনের অপমান ও ভয় দেখানোর ধারাবাহিকতা। GARD ও FAIMA নির্ধারিত সময়সীমায় ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে কংগ্রেস।'
নানা মহল থেকে চাপে পড়ে স্বাস্থ্যমন্ত্রী নিজেই এক্স-এ বলেন, 'হ্যাঁ, আমি হস্তক্ষেপ করেছি এবং স্বীকার করছি, আমার ভাষা আরও পরিমিত হওয়া উচিত ছিল। কিন্তু একজন রোগীর অধিকারের পক্ষে আমি সবসময় দাঁড়াব।' সঙ্গে তিনি আরও লেখেন, 'GMCH-এ কর্মরত অধিকাংশ চিকিৎসক সেবার মানদণ্ড বজায় রাখেন। আমি রোগীদের পাশে ছিলাম, আছি, থাকব।'
During the broadcast with Prudent Media last night, I openly extended my heartfelt apology to Dr. Rudresh Kuttikar for the harsh words spoken by me during my visit to GMC. In the heat of the moment, my emotions overtook my expression, and I deeply regret the manner in which I…
— Vishwajit Rane (@visrane) June 9, 2025