ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পরেই বিশ্ব বাজারে তেল (crude oil price rise) ও গ্যাসের দাম বৃদ্ধি ও জোগানের আশঙ্কা বাড়ছিল। সেই সঙ্গে হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজ আটকে যাওয়ার ফলে সেই আশঙ্কা আরও তীব্র হয়।
.jpg.webp)
গ্যাসের মূল্যবৃদ্ধি
শেষ আপডেট: 7 March 2026 22:01
দ্য ওয়াল ব্যুরো: আরবদুনিয়ার চলা সপ্তাহখানেকের যুদ্ধে (Iran US Israel conflict impact) এই প্রথম সরাসরি আঁচ পড়ল ভারতের রান্নাঘরে (Middle East war oil prices)। কলকাতায় গৃহস্থের হেঁশেলে রান্নার গ্যাসের (১৪.২ কেজির সিলিন্ডার) দাম বাড়ল ৬০ টাকা। পাশাপাশি হোটেল-রেস্তোরাঁয় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের (১৯ কেজি) দামও বাড়ছে, কলকাতায় সিলিন্ডার পিছু ১১৩.৫০ টাকা (cooking gas price India)। শুক্রবার মধ্যরাত থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে। মাঝে অনেকবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও গৃহস্থের সিলিন্ডারের দাম বাড়ল ১১ মাস পরে।
সংশ্লিষ্ট মহলের খবর, এর আগে শেষবার সেটির দাম বেড়েছিল ৫০ টাকা। ২০২৫ সালের ৮ এপ্রিল। ২০২৪ সালের ৮ মার্চ নারী দিবস উপলক্ষ্যে অবশ্য মোদী সরকার দাম ১০০ টাকা কমিয়েছিল। আর এবারে সেই নারী দিবসের প্রাক্কালে আবার দাম বাড়িয়ে দিল তারা। সেই সঙ্গে ইন্ডেন গ্রাহকদের একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয়টি বুক করার সময়সীমা শনিবার থেকে আরও বেড়ে হল ২৫ দিন। এর আগে তা ছিল ২১ দিন।
ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পরেই বিশ্ব বাজারে তেল (crude oil price rise) ও গ্যাসের দাম বৃদ্ধি ও জোগানের আশঙ্কা বাড়ছিল। সেই সঙ্গে হরমুজ প্রণালীতে (Hormuz Strait) পণ্যবাহী জাহাজ আটকে যাওয়ার ফলে সেই আশঙ্কা আরও তীব্র হয়। কেন্দ্রীয় সরকার এখনও অবশ্য দাবি করছে যে তেল ও গ্যাসের জোগানে সঙ্কট তৈরি হয়নি। কিন্তু টান যে পড়ছে, নানা দিকের খবরে সেই ইঙ্গিত স্পষ্ট (Middle East conflict impact on India)।
বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম চড়চড় করে বাড়ছে। শুক্রবার মাত্র ন'ঘণ্টায় ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি এক লাফে ১২ ডলার বেড়ে দাঁড়ায় ৯২.৫০ ডলারে। অন্য অপরিশোধিত তেল যেমন, ব্রেন্ট ৬.৭% বেড়ে হয় ব্যারেল প্রতি ৮৬.৪৭ ডলার।
প্রচলিত রীতি অনুযায়ী, প্রতি মাসের প্রথমদিন গ্যাসের দাম সংশোধন করে নতুন দাম জানায় তেল সংস্থাগুলি। অনেক সময় দাম একই থাকলে তা নতুন করে ঘোষণা করে তারা। ইন্ডেনে ডিস্ট্রিবিউটরদের মুখপাত্র বিজনবিহারি বিশ্বাস ও এইচ পি গ্যাসের ডিস্ট্রিবিউটরস সংগঠনের পূর্বাঞ্চলের কর্তা সঞ্জয় আগরওয়াল জানান, আচমকাই শুক্রবার বেশি রাতে দাম বৃদ্ধির খবর আসে তাঁদের কাছে।
তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার থেকে কলকাতায় (Kolkata Gas price) ১৪.২ কেজির সিলিন্ডার দাম ৬০ টাকা বেড়ে হল ৯৩৯ টাকা। আর ১৯ কেজির সিলিন্ডারের দাম এখন পড়বে ১৯০০ টাকা। রাজ্য তথা দেশের বিভিন্ন জায়গায় এই দামের সামান্য হেরফের হতে পারে। বিজনবাবু আরও জানান, শুক্রবার পর্যন্ত ইন্ডেন গ্যাসের একটি সিলিন্ডার বুক করার পর দ্বিতীয়টি বুক করার ক্ষেত্রে ২১ দিনের নিষেধাজ্ঞা ছিল। শনিবার থেকে তা আরও বেড়ে হল ২৫ দিন।
আগে দীর্ঘদিন বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দামও কম থাকলেও মোদী সরকার তার সুরাহা দেশের গৃহস্থকে দেয়নি। গত ১১ মাস ধরে এক পয়সাও দাম কমেনি আমজনতার রান্নার গ্যাসের। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও যখন দেশেও গ্যাসের দাম বাড়ে, উল্টো পরিস্থিতিতে কেন দেশের গৃহস্থের পকেটের চাপ কমায় না সরকার বা তেল সংস্থাগুলি, সে প্রশ্ন ফের উঠবে।