বহু বছর যাবত বেঙ্গালুরু সহ কর্নাটকের শহরগুলিতে নগরপালিকা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে ইভিএমে। দেশে এখনও পর্যন্ত কোথাও ইভিএম (EVM) এর পরিবর্তে পেপার ব্যালটে ভোট গ্রহণ করার নজির নেই।

শেষ আপডেট: 19 January 2026 17:04
দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে পুর নিগমের ভোট আসন্ন।পরবর্তী ভোটে সেখানে এক নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। কর্নাটক রাজ্য নির্বাচন কমিশন (Election Commission) সিদ্ধান্ত করেছে, এই ভোট নেওয়া হবে পেপার ব্যালটে (Ballot paper)। বহু বছর যাবত বেঙ্গালুরু সহ কর্নাটকের শহরগুলিতে নগরপালিকা নির্বাচনে ভোট গ্রহণ করা হয়েছে ইভিএমে (EVM)। দেশে এখনও পর্যন্ত কোথাও ইভিএম (EVM) এর পরিবর্তে পেপার ব্যালটে ভোট গ্রহণ করার নজির নেই।
গ্রেটার বেঙ্গালুরু এরিয়া বা জিবিএ'তে পাঁচটি পুর নিগম রয়েছে। মে মাসের ২৫ থেকে জুনের ১৫ তারিখের মধ্যে ওই পাঁচ পুর নিগমে ভোট গ্রহণ করা হবে। কর্ণাটক রাজ্য নির্বাচন কমিশনার জিএস সাগ্রেশী সোমবার জানিয়েছেন, পেপার ব্যালট এবং ইভিএম, দুই পদ্ধতিতেই ভোট নেওয়ার বিধান রয়েছে কর্নাটকের পুর নির্বাচন আইনে। তাঁরা সিদ্ধান্ত করেছেন, পুর ভোট হবে ইভিএমে। তার দাবি ভারতের নির্বাচন কমিশনের মতো রাজ্য নির্বাচন কমিশনগুলিরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রয়েছে।
যদিও রাজনৈতিক মহলের খবর কর্নাটক নির্বাচন কমিশন এই ব্যাপারে কংগ্রেস শাসিত রাজ্য সরকারের চাপের কাছে নতি স্বীকার করল। কংগ্রেস এবং রাজ্য সরকার যৌথভাবে দাবি তুলেছিল, ইভিএম নয়, ভোট নিতে হবে পেপার ব্যালটে। ইভিএমে কারচুপির অভিযোগ করে কংগ্রেস বহুদিন ধরে পেপার ব্যালট ফেরানোর দাবি তুলছে।
এদিকে কমিশনের সিদ্ধান্ত জানার পর কংগ্রেসকে তীব্র আক্রমণ ছাড়িয়েছে বিজেপি। তারা বলেছে, ভারতে ইভিএমএ ভোটগ্রহণের সিদ্ধান্ত হয়েছিল রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন। কংগ্রেস সংকীর্ণ স্বার্থে তাদের প্রয়াত নেতার প্রতি অমর্যাদা করছে। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, ইভিএম প্রযুক্তি নিয়ে তাদের আপত্তি নেই। কিন্তু বিজেপির জমানায় ইভিএমে নানা কারচুপি ধরা পড়েছে। সেই কারণেই শুধু কংগ্রেস নয় একাধিক বিরোধী দল পেপার ব্যালট ফেরানোর দাবি তুলেছে।