একসময় জিএসটি-কে ‘গব্বর সিং ট্যাক্স’ বলে বিদ্রূপ করেছিল কংগ্রেস। অথচ এখন তারাই এর কৃতিত্ব দাবি করছে বলে অভিযোগ তুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

নির্মলা সীতারমন
শেষ আপডেট: 5 September 2025 15:34
দ্য ওয়াল ব্যুরো: দেশের জিএসটি সংস্কার এখন লোকমুখে ঘুরছে। কোন জিনিসের কত দাম কমছে বা বাড়ছে, সেই নিয়ে চর্চায় ব্যস্ত আম জনতা। কিন্তু রাজনৈতিক দলের নেতারা গুরুত্বপূর্ণ কয়েকটি রাজ্যের নির্বাচনকে মাথায় রেখে এই নিয়ে রীতিমতো মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের জিএসটি সংস্কার নিয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ করে একাধিক মন্তব্য করেছে কংগ্রেস। এই কর ব্যবস্থায় যে তাঁদের দলের কৃতিত্ব রয়েছে, সেই দাবিও করা হয়েছে।
এনিয়েই এবার মুখ খুললেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর মতে, যারা একসময় জিএসটি-কে বিদ্রূপ করে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেছিলেন, আজ তারাই আবার সংস্কারের কৃতিত্ব দাবি করছেন। ইন্দিরা গান্ধীর আমলে ভারতে বিশ্বের অন্যতম সর্বোচ্চ আয়ের কর হার চালু ছিল বলে স্মরণ করিয়ে দিয়ে তিনি প্রশ্ন তুললেন, ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস কেন জিএসটি কার্যকর করতে পারেনি?
এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী শুক্রবার কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, 'কংগ্রেস এতদিন ক্ষমতায় থেকেও কেন এই সংস্কার কার্যকর করতে পারেনি? প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে ভারতে আয়করের হার ছিল বিশ্বের মধ্যে সর্বোচ্চগুলির মধ্যে একটি।'
অর্থমন্ত্রীর স্পষ্ট দাবি, 'বর্তমান সরকারের কাছে এই সংস্কার একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দেশব্যাপী একক কর ব্যবস্থার মাধ্যমে রাজস্ব প্রক্রিয়াকে সহজ করেছে।'
প্রসঙ্গত, ২০১৭ সালে চালু হওয়া জিএসটি একাধিক কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের পরোক্ষ করকে এক ছাতার নীচে এনেছিল। কিন্তু শুরু থেকেই বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় এই ব্যবস্থাকে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বারবার অভিযোগ তুলেছিলেন, একাধিক করের স্ল্যাব থাকার কারণে ব্যবসা করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। তখন তিনিই বলিউডের খলনায়ক গব্বর সিংয়ের আতঙ্কের সঙ্গে এর তুলনা টেনে এই করকে 'গব্বর সিং ট্যাক্স' বলে আখ্যা দেন।'
অন্যদিকে, কেন্দ্রীয় সরকার বারবার দাবি করে এসেছে, জিএসটি দীর্ঘমেয়াদে দেশকে একক বাজারে রূপান্তরিত করেছে এবং কর আদায়ে স্বচ্ছতা এনেছে। যে স্ল্যাব নিয়ে এত কথা উঠছিল, সেই স্ল্যাবেও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি।