জিএসটি সংস্কার মানে মধ্যবিত্তের জন্য সুখবর! কোথায় কমল দাম, কোথায় বাড়ল?

প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 September 2025 12:22
দ্য ওয়াল ব্যুরো: জিএসটিতে আমূল পরিবর্তন এনেছে কাউন্সিল। বুধবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এতদিনের চারটি স্ল্যাব, ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ কমিয়ে আনা হচ্ছে দু’টি মূল স্ল্যাবে, ৫ শতাংশ এবং ১৮ শতাংশ। তবে বিলাসবহুল পণ্য, বড় গাড়ি, তামাকজাত দ্রব্যের মতো কিছু জিনিসের জন্য বিশেষ ৪০ শতাংশ স্ল্যাব রাখা হবে। নতুন হার কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে।
প্রশাসনিক আধিকারিকরা মনে করছেন, এই সংস্কারে ঘরোয়া খরচ কমবে, মধ্যবিত্ত পরিবার স্বস্তি পাবে এবং অর্থনীতিতেও গতি আসবে।
কী কী একেবারে করমুক্ত হচ্ছে
১. দুধ, ছানা, পনির, রুটি ও পরোটা
২. স্বাস্থ্যবিমা ও জীবনবিমা
৩. ৩৩টি জীবনদায়ী ওষুধ
৪. মানচিত্র, খাতা, পেনসিল, রবার, গ্লোব
কোন জিনিসের উপর কর ১৮ শতাংশ হল?
১. শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি), টিভি ও ডিশ ওয়াশিং মেশিন
২. মনিটর, ৩৫০ সিসির কম মোটরবাইক
৩. তিন চাকার গাড়ি, ১৫০০ সিসির কম যাত্রীবাহী গাড়ি
৪. বাস, ট্রাক ও সিমেন্ট
৫. জামা-কাপড়
কোন জিনিসের উপর কর ৫ শতাংশে নামল?
১. প্যাকেটজাত খাবার, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস ও চকোলেট
২. তেল, ঘি, মাখন, চিজ ও বিস্কুট
৩. সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, শেভিং ক্রিম
৪. বাসনপত্র, সেলাই মেশিন, ট্র্যাক্টর
৫. কীটনাশক ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত নানা পণ্য
৬. থার্মোমিটার, মেডিক্যাল গ্রেড অক্সিজেন, টেস্ট কিট, গ্লুকোমিটার ও চশমা
৭. মার্বেল, পাথর, চর্মজাত পণ্য ও হ্যান্ডিক্রাফটস।

কোন জিনিসের উপর কর ৪০ শতাংশে উঠল
১. সফট ড্রিংকস ও ক্যাফেইনযুক্ত পানীয়
২. পানমশলা, গুটখা, সিগারেট, বিড়ি ও জর্দা
৩. বড় দামি গাড়ি ও ৩৫০ সিসির উপরের মোটরবাইক
৪. ব্যক্তিগত বিমান, রেসিং কার এবং নানা বিলাসবহুল পরিষেবা যেমন ক্যাসিনো, রেস ক্লাব, অনলাইন টাকা জেতার খেলা।
এই সংস্কারে একদিকে যেমন দুধ, ছানা, রুটি, স্বাস্থ্যবিমা, জীবনদায়ী ওষুধ বা সাধারণ লেখাপড়ার সামগ্রী একেবারে করমুক্ত হল, অন্যদিকে সফট ড্রিংকস, তামাকজাত দ্রব্য বা বিলাসবহুল যানবাহনের দাম আরও চড়া হবে। এই সংস্কারে স্বস্তি মিলবে মধ্যবিত্ত ঘরে।